সরকারি হাসপাতালে রোগীদের তথ্যসেবার জন্য হেল্প ডেস্ক চালু করা প্রয়োজন

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু অনেক রোগী ও তাদের স্বজন হাসপাতালের বিভিন্ন বিভাগ, টিকিট সংগ্রহ, ডাক্তার দেখানো কিংবা প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার সঠিক প্রক্রিয়া সম্পর্কে জানেন না। ফলে তারা বিভ্রান্তি ও ভোগান্তির শিকার হন।

বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা রোগী, বয়স্ক ব্যক্তি এবং স্বল্পশিক্ষিত মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। অনেক সময় সঠিক দিকনির্দেশনার অভাবে এক বিভাগ থেকে অন্য বিভাগে ঘুরতে ঘুরতে তাদের মূল্যবান সময় নষ্ট হয়। এমনকি কিছু অসাধু ব্যক্তি এই সুযোগে রোগীদের ভুল তথ্য দিয়ে হয়রানি করার সুযোগ পায়।

তাই সরকারি হাসপাতালগুলোতে একটি কার্যকর তথ্যসেবা বা হেল্প ডেস্ক চালু করা সময়ের দাবি। হেল্প ডেস্ক থাকলে রোগী ও তাদের স্বজনরা প্রয়োজনীয় তথ্য ও সঠিক দিকনির্দেশনা সহজেই পেতে পারবেন। এতে হয়রানি কমবে, সময় বাঁচবে এবং হাসপাতালের সেবার মানও উন্নত হবে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, সরকারি হাসপাতালগুলোতে তথ্যসেবা (হেল্প ডেস্ক) চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।

সৈয়দ শাহজাহান সিরাজ

শিক্ষার্থী,

স্নাতক ১ম বর্ষ

বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রতুলচন্দ্র গাঙ্গুলী : বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী
পরবর্তী নিবন্ধমমতার বন্ধন কি ছোট হয়ে আসছে!