প্রথম টেস্টের উইকেট নিয়ে ধোঁয়াশায় আছে বাংলাদেশ। বহু বছর পর টেস্টে ফেরা ডারউইনের উইকেট নিয়ে চিন্তার মেঘ স্বাগতিক অস্ট্রেলিয়ারও। এই মাঠে টেস্টের আসল স্বাদ পাবেন দর্শকরা এমনটাই দাবি মাঠের কিউরেটরের। কিউরেটর জ্যাক পি হেড জানিয়েছেন, এমন পিচ তৈরি করা হচ্ছে যেখানে বলের গতিবিধি হুট করে বদলে যাবে না। অস্ট্রেলিয়ার এই কিউরেটর বলেন, ‘প্রতিপক্ষ বাংলাদেশও বেশ অভিজ্ঞ দল। তাই আমরা কন্সিসটেন্ট পিচ চাই যেটা খেলার জন্য ভালো হবে। আমরা সব কিছু নিয়ে গর্বিত। ছেলেরা এখানে আছে কয়েকদিন হলো। ভেন্যুটারও ক্রমশ উন্নতি হচ্ছে। এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ভালো সুযোগ–সুবিধা রয়েছে। আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার।’ ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট চ্যালেঞ্জিং হয়ে উঠতেই পারে। তবে আমরা কন্সিসটেন্ট পিচ তৈরির চেষ্টাই করেছি। পিচে এডজাস্টমেন্ট জরুরি। টিপিক্যাল অস্ট্রেলিয়ান পিচ বলতে যা বোঝায়, আসলে দেশের সব পিচ তেমনই আচরণ করে। তাই এখানেও ব্যতিক্রম হবে না। আমি আশা করছি কন্সিসটেন্ট গুড ব্যাটিং উইকেট থাকবে। বোলাররা পরিশ্রমের সুফল পাবে।’ এই উইকেট তৈরিতে চাপ অনুভব করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো চাপ অনুভব করিনি। যেভাবে করলে ভালো হবে, সেভাবেই আমি নিজের সেরাটা দিয়েছি। এখানে খেলা হচ্ছে, এটা বাস্তবায়ন করার পেছনে অনেক উচ্ছ্বাস–উল্লাস জড়িত। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে তো চাপ অনুভব করে লাভ নেই। আমরা আমাদের সম্ভাব্য সেরা পিচই বানিয়েছি।’ ‘সুযোগ–সুবিধার দিক থেকে আমরা এমন একটা পরিবেশ গড়ে তুলেছি যে সবাই এখানে কাজ করতে মুখিয়ে থাকে। তাই অবশ্যই আপনি এখানে হাই লেভেল ক্রিকেট আয়োজন করতে চাইবেন, যা আমরা ধারাবাহিকভাবেই করতে চাই।’ বাংলাদেশ–অস্ট্রেলিয়া প্রথম টেস্ট আগামীকাল ১৩ আগষ্ট থেকে শুরু হচ্ছে। ডারউইনের মারারা ওভাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬.৩০টায়।










