কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বজ্রপাতে আবুল কাশেম প্রকাশ ‘জম হালাইয়া’ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্জার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মেইজ্জার পাড়ার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘রেহেনার বাপ’ ও ‘জম হালাইয়া’ নামে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আচমকা দমকা হাওয়া ও বজ্রপাতের সময় আবুল কাশেম পাশের একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।












