সন্দ্বীপের খালসমূহ পুনঃখনন, নতুন জেগে ওঠা ভূমি সংরক্ষণ এবং উড়িরচরের নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনকে এই স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সন্দ্বীপের কৃষিভিত্তিক অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নের স্বার্থে খাল পুনঃখনন ও জলাশয় পুনরুদ্ধার এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে বিভিন্ন খাল নাব্যতা হারানো, ভরাট হয়ে যাওয়া এবং অবৈধ দখলের কারণে সেগুলোর স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়েছে। ফলে সেচ ব্যবস্থায় সংকট তৈরি হচ্ছে এবং কৃষি উৎপাদনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারছে না। এছাড়া সন্দ্বীপের চারপাশে জেগে ওঠা নতুন চরাঞ্চল ও ভূমিগুলোকে দেশের মূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করে সেগুলোর জরিপ, সংরক্ষণ এবং পরিকল্পিত ব্যবস্থাপনার দাবি জানানো হয় স্মারকলিপিতে। আবেদনকারীদের মতে, এসব ভূমিকে কৃষি, বনায়ন ও বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডের আওতায় আনা গেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
স্মারকলিপিতে সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন উড়িরচরের চলমান নদীভাঙনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। এতে বলা হয়, বছরের পর বছর নদীভাঙনের কারণে উড়িরচরের বহু পরিবার তাদের বসতভিটা ও কৃষিজমি হারিয়েছে। প্রতি বছর নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ায় মানুষের জীবন–জীবিকা হুমকির মুখে পড়ছে এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে উড়িরচর রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, নদীশাসন প্রকল্প বাস্তবায়ন এবং ভাঙ্গনপ্রবণ এলাকায় প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আশ্রাফ উদ্দিন, নিয়াজ উদ্দিন, এরশাদ উল্লাহ, জাহাঙ্গীর আলম জাবেদ, আব্দুর রহিম, সালাউদ্দিন, সোহেল, কামরুল হাসান, মোহাইমিনুল কাদের শুভ, কায়েস রমজান আলী, ইকরাম হোসেন প্রমুখ।












