ব্যবসায় টিকে থাকা নির্ভর করে সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার ওপর

উইম্যান চেম্বারের প্রশিক্ষণ কর্মসূচিতে আবিদা মোস্তফা

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) উদ্যোগে এবং আয়োজিত ‘ট্রেনিং অন বিজনেস ম্যানেজমেন্ট ফাইন্যানসিয়াল লিটারেসি’ শীর্ষক ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার সিডব্লিউসিসিআইয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে টিকে থাকা ও সফলতা অর্জনের জন্য ভালো পণ্য বা সেবা থাকার পাশাপাশি একজন উদ্যোক্তার জন্য প্রয়োজন সঠিক ব্যবসায়িক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। সিডব্লিউসিসিআই প্রতিষ্ঠালগ্ন থেকেই নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব বলেন, ব্যবসায়ীদের শেখার কোনো শেষ নেই। ব্যবসায়ী হতে হলে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আপনারা এ প্রশিক্ষণ থেকে ভালো কিছু শিখে ব্যবসায়ে কাজে লাগাতে পারবেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ বলেন, আপনাদের অগ্রগতি প্রশিক্ষণে সীমাবদ্ধ রাখলে হবে না। আপনাদের তা যথার্থভাবে কাজে লাগাতে হবে। ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূর জাহান রোজী বলেন, বিজনেস উইম্যান হতে হলে আপনাদের দরকার বিজনেস সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা জানা। তাহলে ব্যবসায় সফল হতে পারবেন। পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের ব্যবসার হিসাব সুশৃঙ্খলভাবে পরিচালনা করে সামনে এগিয়ে যেতে পারবে।

স্বাগত বক্তব্যে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও ট্রেনিং, সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ কমিটির চেয়ারপার্সন আইভি হাসান বলেন, ব্যবসায় করতে ফাইন্যান্স দরকার হয়। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হওয়ার জন্য এ ট্রেনিং গুরুত্বপূর্ণ। প্রশিক্ষক মো. হাফিজুর রহমানের পরিচালনায় কোর্সে ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে খাল পুনঃখনন, ভূমি সংরক্ষণ ও উড়িরচর রক্ষায় স্মারকলিপি
পরবর্তী নিবন্ধশান্তি-সাম্যের দেশ ও মানবিক বিশ্ব গড়ার আহ্বান