সন্ত্রাসী যত বড়ই হোক, আইনের আওতায় আসতেই হবে

রাঙ্গুনিয়ায় মতবিনিময় সভায় এএসপি বেলায়েত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন বলেছেন, সন্ত্রাসী যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতেই হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে গত ২৯ জুলাই আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি করে আধিপত্য বিস্তার করতে চায়। তবে সাধারণ জনগণ যদি যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলেন, তবে সন্ত্রাসীরা এমন তৎপরতা চালানোর সাহস পাবে না। তাই সন্ত্রাস মোকাবিলায় সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। রাঙ্গুনিয়া থানা পুলিশ সবসময় অপরাধ দমনে সোচ্চার রয়েছে এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো অপরাধী ধরা পড়ছে। তবে ঢালাও সংবাদের ভিত্তিতে নয়, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পুলিশ অভিযান পরিচালনা করে। চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শোয়েব কাদেরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, মাওলানা আলমগীর হামিদ, ব্যবসায়ী নেতা আহমদুল হক, মো. এরশাদ, জসিম উদ্দিন সিকদার, সাজ্জাদ হোসেন খোকা প্রমুখ। সভায় এলাকার ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ