শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল, সনদ অর্জন কিংবা চাকরি পাওয়ার মাধ্যম নয়; শিক্ষা মানুষের বিবেক, বিচারবুদ্ধি, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রক্রিয়া। আমাদের শিক্ষাব্যবস্থার একটি বড় প্রশ্ন হলো শিক্ষার্থীরা কি সত্যিকার অর্থে শিখছে, নাকি কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল আয়ত্ত করছে?
বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর অংশগ্রহণ বেড়েছে। কিন্তু শিক্ষার গুণগত মান, মৌলিক দক্ষতা, পাঠবোধ, গণিতজ্ঞান, শিক্ষক প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। ইউনিসেফের ২০২৬ সালের শিক্ষা খাত বিশ্লেষণেও মৌলিক সাক্ষরতা ও গণিত দক্ষতার দুর্বলতা এবং শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আমাদের শিক্ষানীতিতে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাওয়া প্রয়োজন। প্রথমত, প্রাথমিক শিক্ষা হতে হবে আনন্দময়, শিশুবান্ধব ও ভিত্তিমূলক জ্ঞাননির্ভর। দ্বিতীয়ত, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পরীক্ষার চাপ না দিয়ে বিষয়ভিত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ দিতে হবে। মাধ্যমিক স্তরে ১২/১৩টি বিষয়ের শিক্ষাদান কার্যক্রম নিয়ে ভাবতে হবে। তৃতীয়ত, উচ্চশিক্ষাকে গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে হবে। চতুর্থত, শিক্ষককে শুধু পাঠদানকারী হিসেবে নয়, জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর হিসেবে মূল্যায়ন করতে হবে। পঞ্চমত, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখাতে হবে; পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার, তথ্যের সত্যতা যাচাই এবং ডিজিটাল নিরাপত্তার শিক্ষাও দিতে হবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের যুক্তি ও বিবেকের আলোয় ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব আমাদের নিতে হবে। ইতিহাস একদিন আমাদের কাছে জানতে চাইবে আমরা কী পেয়েছিলাম তা নয়; বরং আমাদের সময়কে কতটা মানবিক ন্যায়ভিক্তিক ও গণতান্ত্রিক ও সভ্য করে রেখে যেতে পেরেছিলাম সে প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামীদিনের বাংলাদেশের পরিচয়।











