গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে সংবাদপত্র ও সাময়িকীর সরকারি বিজ্ঞাপনের হার নতুন করে নির্ধারণ করে পরিপত্র জারি করেছে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। নতুন এ হার গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। গতকাল জারি করা পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপনের হার প্রচারসংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। এসব পত্রিকার প্রচারসংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪৫০ টাকা। প্রচারসংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৭ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার পর্যন্ত ৫ টাকা করে বাড়বে। খবর বাসসের।
প্রচারসংখ্যা ৯০ হাজারের বেশি হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৪ টাকা করে বাড়বে। এ শ্রেণির পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার ১ হাজার ১০০ টাকা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচারসংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪২০ টাকা। প্রচারসংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৫ টাকা এবং ৫০ হাজারের বেশি হলে ৪ টাকা করে বাড়বে। এ শ্রেণির সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮৫০ টাকা। জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচারসংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪০০ টাকা।










