চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল–এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধ এবং আগের আন্দোলনের সময় বন্দর কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দাবি পূরণ না হলে মঙ্গলবার বিকালে নিমতলা বিশ্বরোড হতে ওয়ানস্টপ পর্যন্ত মানববন্ধন এবং ২৭ সেপ্টেম্বর বিকালে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে তারা। গতকাল শনিবার আগ্রাবাদের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দুটিসহ মোট চারটি দাবি তুলে ধরেছে বন্দর শ্রমিক দল ও সংগ্রাম পরিষদ।
সংবাদ সম্মেলনে সরকারি দলে সমর্থক শ্রমিক সংগঠন ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ বলেছে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার লক্ষ্যে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করতে হবে। বিগত আন্দোলনে চট্টগ্রাম বন্দরের নেতৃত্ববৃন্দসহ ১৫ কর্মচারীর বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হবে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমল থেকে এখনো পর্যন্ত বন্দরে কর্মরত যে সকল কর্মকর্তা এনসিটিকে ডিপি ওয়র্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের অপসারণের দাবি জানিয়েছে সংগঠন দুটি। দীর্ঘদিন ধরে জনবল নিয়োগ বন্ধ রেখে বন্দরের পরিচালনার চলমান কার্যক্রম স্থবির করে বেসরকারিকরণ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার দাবিও তুলেছে তারা। পাশাপাশি বন্দরের সকল শূন্যপদে জনবল নিয়োগ করে কার্যক্রম গতিশীল করার কথা বলেছেন সংগঠন দুটির নেতারা।
সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, ‘কোনো অবস্থাতেই চট্টগ্রাম বন্দরে একদিনের জন্যও অস্থিরতা হোক সেটা আমরা চাই না। তবে পরিস্থিতি যদি আমাদের বাধ্য করে আমাদের আসলে আর কিছু করার থাকবে না।’
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম বলেন, ‘বিদেশিদের দিলে চট্টগ্রাম বন্দর যেমন লোকসানের দিকে যাবে ও দক্ষ কর্মশক্তি হারাবে তেমনিভাবে ভূ–রাজনৈতিক ভাবেও বাংলাদেশ একটা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক বেশি।’












