জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলল বাংলাদেশ। রেকর্ড গড়া প্রথম দিন কাটানোর পর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে গতকাল সোমবার অ্যাকারম্যান ও হামজার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে লম্বা সময় হতাশায় পুড়তে হয় সফরকারীদের। তবে দিনের শেষ ঘণ্টায় লড়াইয়ে ফেরে তারা। দিনের শুরুতে লিটন কুমার দাসের বিশেষ সেঞ্চুরিতে ঠিক ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৮৭ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা।
আগের দিনের ধারাবাহিকতায় নতুন সকালে বাংলাদেশের শুরুটা ছিল ইতিবাচক। দিনের চতুর্থ ওভারে মার্কো ইয়ানসেনের বাউন্সারে পুল করার চেষ্টায় ওপরের কানায় লেগে ছক্কা পেয়ে যান স্টাইলিশ এই ব্যাটসম্যান। আর তাতেই পূর্ণ হয় ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। পকেট থেকে একটি কাগজ করে নিজের কন্যা আনাইরা দাস আনভীকে সেঞ্চুরিটি উৎসর্গ করেন লিটন।
ইয়ানসেনের পরের ওভারে চমৎকার কভার ড্রাইভে বাউন্ডারি মারেন মিরাজ। পরের ওভারে রাবাদার শর্ট বল সীমানায় পাঠান লিটন। নির্বিঘ্নে আধঘণ্টা পার করে দিয়ে তখন ভালো কিছুর আভাস দিচ্ছিলেন দুই ব্যাটসম্যান। তবে সেই আশার পূর্ণতা পেতে দেননি মিরাজ। ডেইন প্যাটারসন আক্রমণে আসতেই অফ স্টাম্পের অনেক বাইরের বল দূর থেকে খোঁচা মেরে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি। ভেঙে যায় ৩২ রানের সপ্তম উইকেট জুটি। দুই ওভার পর আরেকটি উইকেট উপহার পান প্যাটারসন।
এবার ভুল করে বসেন লিটন। নিরীহ এক শর্ট বল পুল করে সোজা মিড উইকেট ফিল্ডারের হাতে তুলে দেন তিনি। সমাপ্তি ঘটে তার ১৪ চার ও ১ ছক্কায় খেলা ১২০ রানের ইনিংসের। এরপর গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করে দেন পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাসকিন ১৭ ও হাসান ১৬ রানের ইনিংস খেললে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার চারশ ছুঁয়ে ফেলে বাংলাদেশ। প্রোটিয়াদের মাঠে এশিয়ার কোনো দলের জন্য সিরিজের প্রথম ইনিংসে চারশ করার প্রথম ঘটনা এটি। আগের দিন ৫ উইকেট পাওয়া রাবাদা এদিন আর কিছু যোগ করতে পারেননি। শেষ ৪ উইকেট একাই নেন প্যাটারসন।
লাঞ্চ বিরতির আগে ৫ ওভারের জন্য ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। যেখানে শুরুটা চমৎকার করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের দারুণ ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে অল্পেই ফেরেন এইডেন মার্করাম। এরপর শুরু হয় অ্যাকারম্যান ও হামজার জুটি। দ্বিতীয় সেশনের পুরোটা নিরাপদে পার করে দেন দুই ব্যাটসম্যান। ২৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে যোগ হয় ১১১ রান। অথচ প্রথম সেশনেই ভাঙতে পারত এই জুটি। এরপর উইকেটের আশায় অষ্টম ওভারে পরপর দুই বলে রিভিউ নষ্ট করে বাংলাদেশ। শুরুর ওই সময়টুকু কাটিয়ে দেওয়ার পর উইকেটের চারদিকে বাউন্ডারি মেরে ৬৯ বলে ফিফটি পূর্ণ করেন অ্যাকারম্যান।
২ রান দূরে থেকে চা বিরতিতে যান হামজা। শেষ সেশনে ফিরে পঞ্চাশ পূরণ করতে সমস্যা হয়নি তার। তৃতীয় সেশনেও বাংলাদেশের বোলার–ফিল্ডারদের হতাশায় ডুবিয়ে তরতরিয়ে রান বাড়াতে থাকেন দুই ব্যাটসম্যান। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে পৌঁছে যান অ্যাকারম্যান। চমৎকার ব্যাট করে স্রেফ ১২৫ বলে তিনি করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙতে অনিয়মিত স্পিনার মুমিনুল হকের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। পঞ্চম বলেই কাজের কাজ করে দেন বাঁহাতি এই স্পিনার। অফ স্টাম্পের বেশ বাইরের বল খোঁচা মেরে কট বিহাইন্ড হন ৮৩ রান করা হামজা। তার বিদায়ে ভাঙে ২০০ রানের জুটি।
সঙ্গীর বিদায়ে দমে না গিয়ে উল্টো আগ্রাসী ব্যাটিং শুরু করেন অ্যাকারম্যান। একের পর এক বাউন্ডারি মেরে চোখের পলকে সেঞ্চুরি থেকে দেড়শতে পৌঁছে যান ৩০ বছর বয়সী ওপেনার। তবে নতুন স্পেলে ফেরা হাসানের প্রথম বলই উড়িয়ে মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে তাসকিনের হাতে ধরা পড়ে যান তিনি। ফলে থেমে যায় তার ২১ চার ও ১ ছক্কায় খেলা ১৬৪ বলে ১৫৭ রানের ইনিংস। এরপর ম্যাথু ব্রিটস্কিকেও টিকতে দেননি হাসান। ব্যাটের নিচের কানায় লেগে কট বিহাইন্ড হন ব্রিটস্কি। লম্বা সময় ভেবে আম্পায়ার আউট দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন তিনি। তাতে অবশ্য দক্ষিণ আফ্রিকার প্রথম রিভিউ নষ্ট হওয়া ব্যতীত আর কিছুই হয়নি।
দিনের খেলা শেষ হওয়ার আগে আরেকটি উইকেট পেতে পারতেন হাসান। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে উইকেটের পেছনে দেন রায়ান রিকেলটন। তবে আগেই ডান দিকে সরে যাওয়ায় পরে সময়মতো আর বামে আসতে পারেননি লিটন। তার গ্লাভসে লেগে চলে যায় বল। ভুল থেকে শিক্ষা নিয়ে বাকি সময় আর বিপদ ঘটতে দেননি রিকেলটন। অন্য প্রান্তে ৫৪ বলে ১৯ রানে অপরাজিত ক্যাপ্টেন বাভুমা। দারুণ ছন্দে থাকা হাসান নিয়েছেন ৩ উইকেট।










