শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর ম্যাচ

জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বড় লিডের পর দারুণ জবাব দিচ্ছে রংপুর। তিন দিন শেষে জমে উঠেছে ম্যাচ। তবে কিছুটা হলেও এগিয়ে চট্টগ্রাম। সোমবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ১৩০ রান। প্রথম ইনিংসে ২৪১ রানের লিড পাওয়া চট্টগ্রাম এখনও এগিয়ে ১১১ রানে। ৫ উইকেটে ৩০৪ রান নিয়ে খেলা শুরু করে আর ১০৩ রান করতে গুটিয়ে যায় চট্টগ্রাম। ৯ নম্বরে নামা আশরাফুল হাসান খেলেন ৩টি করে চার–ছক্কায় ৪৬ রানের অপরাজিত ইনিংস। বিশাল লিডের নিচে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলে রংপুর। তবে দিনের বাকি সময়ে আর বিপদ ঘটতে দেননি মিম মোসাদ্দেক ও সামস নিলয়। দারুণ ছন্দে থাকা মিম ৫৮ রানে অপরাজিত। অভিষিক্ত নিলয়ের সংগ্রহ ঠিক ৫০ রান।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে): রংপুর ১ম ইনিংস: ১৬৬, চট্টগ্রাম ১ম ইনিংস: (আগের দিন ৩০৪/৫) ১৩২.৪ ওভারে ৪০৭। রংপুর ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৩০/২। এদিকে চট্টগ্রামের মাঠে ময়মনসিংহের বিপক্ষে ফলো–অনে পড়েছে বরিশাল। জাওয়াদ আবরারের ব্যাটে এখন ইনিংস পরাজয় এড়ানোর অভিযানে লড়ছে তারা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ ৩ উইকেটে ১৪৪ রান। ইনিংস পরাজয় এড়াতে আর ৮৬ রান প্রয়োজন তাদের। আগের দিনের ব্যাটিং ধসেই নিশ্চিত হয়ে যায় ফলো–অনে পড়বে বরিশাল। সোমবার সকালে ১৮ ওভার ব্যাটিং করলেও ২০ রানের বেশি যোগ করতে পারেননি কামরুল ইসলাম ও তানভির ইসলাম। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টেস্ট মেজাজে খেলতে থাকেন আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত জাওয়াদ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিন শেষে ২১২ বলে ৮৩ রানে অপরাজিত তরুণ ওপেনার।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দল ঘোষণা