আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে চিটাগং ক্রিকেট একাডেমি ও সিএস স্পোর্টস একাডেমি। গতকাল সোমবার শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত টুর্নামেন্টের ১২তম দিনের খেলায় চিটাগং ক্রিকেট একাডেমি ৪ উইকেটে হাক্কানী একাদশকে এবং সিএস স্পোর্টস একাডেমি ১৮৩ রানের বড় ব্যবধানে পাহাড়তলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সকালে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে হাক্কানী একাদশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলম সর্বোচ্চ ৫১, রাসেল ৩৯, জামসেদ অপরাজিত ৩৪ ও তানিম ২১ রান করেন। বল হাতে চিটাগং ক্রিকেট একাডেমির হালিম খান, রাহাত ও আকিব আহি প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। জবাবে চিটাগং ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান করে জয় তুলে নেয়। ৬ষ্ঠ উইকেট জুটিতে হালিম খান ও ফাহাদের অনবদ্য ব্যাটিং দলের জয় ত্বরান্বিত করে। হালিম খান ২৪ বলে অপরাজিত ৫৬ রান ও ফাহাদ ১৬ বলে অপরাজিত ৫২ রান করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে আকিব আহি ৫১ ও জয় ৩৯ রান করেন। বল হাতে হাক্কানী একাদশের রাসেল ৫৫ রানে ৩টি ও জামশেদ ৩৬ রানে ২টি উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চিটাগং ক্রিকেট একাডেমির হালিম খানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকার। দুপুরে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে টসে জিতে সিএস স্পোর্টস একাডেমি ২০ ওভারে ৮ উইকেটে ২৭৫ রান করে। দলের পক্ষে তানজিম সর্বোচ্চ ৬১, মহিউদ্দিন ৫৭, মহিন ৪০ ও মামুন ৩৪ রান করেন। বল হাতে পাহাড়তলী স্পোর্টিং ক্লাবের মাহতাব ৪টি,খোরশেদ ২টি ও আবিদ ১টি উইকেট লাভ করেন। প্রতিপক্ষের ২৭৫ রানের বিশাল স্কোরকে তাড়া করতে নেমে পাহাড়তলী স্পোর্টিং ক্লাব মাত্র ৯২ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে খোরশেদ সর্বোচ্চ ২১ রান করেন। বল হাতে সিএস স্পোর্টস একাডেমির সাইদ আনোয়ার ৮ রানে ৪চি উইকেট দখল করেন। এছাড়া ইকবাল ৩টি ও রাব্বি ২টি উইকেট পান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সিএস স্পোর্টস একাডেমির সাঈদ আনোয়ারের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। আজ মঙ্গলবার টুর্নামেন্টের একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় এ খেলায় অংশ নেবে মরহুম ইছহাক কাদের চৌধুরী একাদশ বনাম এমএস ক্রিকেট একাডেমি।











