শেরেবাংলা অ্যাওয়ার্ড পেলেন চবি অধ্যাপক মোরশেদুল আলম

চবি প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড২০২৬’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক মো. মোরশেদুল আলম। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এই আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।

পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক মোরশেদুল আলম বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতির সঙ্গে যুক্ত এমন একটি সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

শেরেবাংলার দৌহিত্র ও সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজ কিশোরের মুক্তিপণ দাবি, দুদিনেও হদিস নেই
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অনলাইন জুয়ার আসর থেকে ৩ যুবক আটক