বাঁশখালীতে অনলাইন জুয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাত থেকে গতকাল শুক্রবার ভোর সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশ। এ সময় বাঁশখালী উপজেলার বৈলছড়ি, কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টিফকিরের মাজারসংলগ্ন একটি দোকানে মোবাইল ফোনে বেটিং অ্যাপের মাধ্যমে জুয়া খেলার সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক ও দন্ডপ্রাপ্তরা হলেন মো. আব্দুল হামিদ (২৫), মো. মনজুর (২৮) ও মো. এনাম (২৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা অনলাইন জুয়ার জন্য নিজ নামে ও ভিন্ন নামে একাধিক আইডি ব্যবহার করতেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’–এর মাধ্যমে প্রত্যেকে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করে নিয়মিত জুয়ায় অংশ নিতেন। এতে তারা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারিয়েছেন বলেও জানান। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। সেখানে যুবকেরা নানা অনিয়মে জড়িত পড়লে বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হবে সমাজ। মাদকের বিরুদ্ধে তাই প্রশাসন সব সময় জিরো টলারেন্স।












