শীত এলেই প্রকৃতিতে নেমে আসে কনকনে ঠাণ্ডা। এই সময় সমাজের সবচেয়ে অসহায় মানুষ ও আমাদের অতিথি পাখিরা সবচেয়ে বেশি কষ্টে পড়ে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ছিন্নমূল, দিনমজুর, রিকশাচালক ও গরিব মানুষ চরম কষ্টে দিন কাটান। একটি কম্বল বা গরম কাপড় তাঁদের কাছে বড় আশীর্বাদ হতে পারে। তাই সামর্থ্যবান সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
একই সময়ে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের দেশের হাওর–বাঁওড়, নদী ও জলাশয়ে আসে অতিথি পাখি। এরা আমাদের প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অংশ। অথচ কিছু অসাধু লোক ফাঁদ পেতে বা শিকার করে এসব পাখি ধরে বিক্রি করে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এটি দণ্ডনীয় অপরাধ।
আসুন, শীতার্ত মানুষকে গরম কাপড় দিয়ে এবং অতিথি পাখি শিকার বন্ধে সচেতনতা গড়ে তুলে মানবিকতা ও প্রকৃতিপ্রেমের পরিচয় দিই।
সুমন আচার্য্য
বেটারী গলি, দামপাড়া, চট্টগ্রাম।










