শিশুদের স্বাভাবিক শারীরিক, মানসিক ও বাক্বিকাশ নিশ্চিত করতে অভিভাবক, চিকিৎসক এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের মধ্যে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিশুদের কথা বলতে বিলম্ব বা স্পিচ ডিলে সমস্যার পেছনে শারীরিক, স্নায়বিক, শ্রবণজনিত, গঠনগত ও বিকাশগত বিভিন্ন কারণ থাকতে পারে। এসব সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। সময়মতো সঠিক রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা শিশুর স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর জাকির হোসেন রোডে অবস্থিত সাহিক চট্টগ্রাম সাব–সেন্টারের অডিটোরিয়ামে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখা এবং সাহিক চট্টগ্রাম সাব–সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পিচ ডিলে ইন চিলড্রেন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু স্নায়ুরোগ ও বিকাশ বিশেষজ্ঞ ডা. আনজির আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী। স্বাগত বক্তব্য দেন বিপিএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী (আরজু)। সভাপতিত্ব করেন সাহিক চট্টগ্রাম সাব–সেন্টারের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবদুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিএ চট্টগ্রাম শাখার সদস্য ডা. বেলাল উদ্দিন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আবদুল আলীম বলেন, সাহিক একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের বকেয়া হোল্ডিং ট্যাক্স–সংক্রান্ত জটিলতা নিরসন এবং সামনের ড্রেন নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এ জন্য তিনি প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের শিশু বিশেষজ্ঞ, চিকিৎসক, নাক–কান–গলা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












