বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি) আয়োজিত ‘গুগল ফর এডুকেশন স্টার্টস ইটস জার্নি ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এ আলোচনায় সভাপতিত্ব করেন বেরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আরিফ জোবায়ের। অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, গুগলের স্পেশাল প্রজেক্টস গ্লোবাল লিড টিম পাওলিনি, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইকোনোমিক অফিসার জো বসকি ও ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল কন্ট্রোলস ম্যানেজার তানজিলা রহমান। প্রিমিয়ার ভার্সিটির রেজিস্ট্রার ইফতেখার মনিরও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গোলটেবিল আলোচনায় বাংলাদেশে গুগল ফর এডুকেশন কার্যক্রম পরিচালনার সম্ভাবনা, এআই সম্পৃক্ত শিক্ষা, উদ্ভাবন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর শিক্ষা আর কোনো বিলাসিতা নয়, এটি সময়ের অপরিহার্য দাবি। গুগল ফর এডুকেশন শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আরও কার্যকর, আধুনিক ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণার পরিধি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সহজ হবে। এ ধরনের উদ্যোগ দেশের শিক্ষা খাতকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে। এ উদ্যোগ দেশের শিক্ষা খাতে প্রযুক্তির কার্যকর প্রয়োগে নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রেস বিজ্ঞপ্তি।












