ক্লাসে শিক্ষার্থীকে শাসনের প্রতিবাদে এক অভিভাবক অফিসে ঢুকে সরাসরি সেই শিক্ষকের গায়ে হাত তুললেন! এই শিক্ষকের বুক চিরে বের হওয়া একেকটা দীর্ঘশ্বাসের প্রবল উত্তাপের ফলশ্রুতির কথা নাইবা বললাম। কিন্তু যে বাচ্চাটার অভিভাবক এতোটা বেয়াদব, এতোটা উগ্র আর অশিক্ষিত তার ছেলে বা মেয়ের থেকে এরচেয়ে ভালো কিছু কখনোই আশা করা যাবে না–এ আমি গ্যারান্টি দিতে পারি। সবচেয়ে বড় ব্যাপার হলো ইদানীং এমন বেশ কয়েকটি ঘটনা যেখানে সম্মানিত শিক্ষকদেরকে অভিভাবকদের দ্বারা শারীরিক মানসিক নির্যাতনের শিকার হতে দেখা যাচ্ছে।এরমধ্যে কয়টি ঘটনার সঠিক তদন্ত বা বিচার হয়েছে আমার জানা নেই। কিন্তু এসব ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ব্যাপার এখন স্পষ্ট যে, শিক্ষক সুরক্ষা আইন এখন কেবল সময়ের দাবী। নাহয় এভাবে পদে পদে লাঞ্চিত আর অপমানিত হতে হবে শিক্ষকদের। তাই আমি একজন শিক্ষক হিসেবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সুরক্ষা আইনের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।











