শামুক জীবন

আলেয়া আরমিন আলো | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

জানি, কৃষ্ণপক্ষের ছায়াপথেই হাঁটছে এই মহাপৃথিবী

বড়ো বেশি মেকি আজ সমাজ এবং সভ্যতা

বিলাসি সুখের আলতা মেখে সঙ সেজে অহেতুক হাসে

মুখোশধারী কুশীলব মানুষ।

অথচ, অসুখী আত্মার পদভারে টালমাটাল

কংক্রিটের শহর কিংবা সবুজের ছায়াঘেরা গ্রামাঞ্চল।

রঙিন অবয়বের আড়ালে ধোঁয়াটে দীর্ঘশ্বাস!

সেই গনগনে দীর্ঘশ্বাসে লেলিহানে পুড়ে

স্নিগ্ধতা হারায় মন ও প্রকৃতির সবটুকু সবুজ,

বৈশাখের রোদে এমনকি বৃষ্টি ভেজা বাতাসেও

মিশে থাকে পোড়া হৃদয়ের উটকো গন্ধ।

আজকাল কেন জানি কাছের মানুষগুলোকেও

আচরণে বড্ড বেশিই বেগানা লাগে!

প্রিয় মুখগুলোও অচেনা ঠেকে বারংবার।

ক্ষণেই কিছু হারবার ভয়ে অদ্ভুত রকমের অসহায়ত্বে

নিরাশার ধুকপুকানিতে বিষাদে কম্পিত হয় বিদীর্ণ হৃৎপিণ্ড,

চিনচিনে ব্যথায় বুকটা কেবলই খামচে ধরে!

অব্যক্ত কিছু কারণে নিজেকে শামুকের মতো

শক্ত খোলসেই গুটিয়ে রাখতে ইচ্ছে করে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধু গড়ো
পরবর্তী নিবন্ধকবিতাকুঁড়ি