যে যায় সে আর ফিরে আসে না
আমার পরাণ পোড়ে চোখের জলে
মাকে রেখে এসেছি
দিঘির ভিটেয়–বাবার পাশে
সেখানে ঘাসের স্তুপে বৃষ্টি ঝরে,
রাতে জোনাকি জ্বলে।
২.
শূন্য থেকে এসেছি শূন্যে মেলাই
শূন্যে বোনা স্বপ্নবীজ শূন্যের খেলায়।
৩.
কেমন কাটালেন গুরু
করোনা–কালের হানা
ঈশ্বর বিজ্ঞানে চলেন
বিশ্বাসে চলেন না।
৪.
তিনভাগ জলে ডুবু ডুবু
‘মাটির পৃথিবী’ বলা কি উচিত
কোথায় মৃত্তিকায় ঠাঁই
‘জল–পৃথিবী’ বলা সমূচিত।
৫.
আমার শরীর নিয়ে কী করবে খেলা
যদি তা না মাতে এ–বেলা ও–বেলা
বহ্ণি অভিমানে অভিমানে জ্বলে পুড়ে
আহত কণ্টকশয্যা পেতে তত দূরে।
৬.
আমরা আসি, আমরা চলে যাই।
দিনে–রাতে ভালো–মন্দ খেলি
সংসার মায়ার খেলা
রহস্যের চক্রে জীবন
একদিন আমিও যাবো।







