সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’। গত শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তাদের মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদক তুলে দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিডিনিউজের।
ছয় শান্তিরক্ষী হলেন– করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্তো মন্ডল। তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় তাদের প্রাণ যায়।
শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে নিহত প্রায় সাড়ে ৪ হাজার শান্তিরক্ষীর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন।












