চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তির হাট এলাকায় ফুটওভার ব্রিজের নির্মাণ ত্রুটি এবং খোলা ম্যান হোলজনিত জনদুর্ভোগ নিরসনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। গত রোববার তিনি ফুটওভার ব্রিজ ও ঝুঁকিপূর্ণ ঢাকনাবিহীন খোলা ম্যানহোল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, শান্তির হাটের ফুটওভার ব্রিজটি অতিমাত্রায় উঁচু হওয়ায় সাধারণ মানুষের জন্য এটি ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এটি অতিমাত্রায় উঁচু হওয়ায় জনসাধারণ ও কোন অসুস্থ নারী – পুরুষ ফুটওভার ব্রিজটি ব্যবহার করতে পারেন না। ফলে অনেক পথচারী জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপার করছেন। পাশাপাশি রাস্তার পার্শ্বে ঢাকনাবিহীন ঝুঁকিপূর্ণ খোলা ম্যানহোল স্থানীয় জনসাধারণের জন্য চরম দুর্ভোগ ও নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো জনবান্ধব ও ব্যবহারোপযোগী করে নতুনভাবে নির্মাণের পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। একইসঙ্গে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খোলা ম্যানহোলটি দ্রুত সংস্কারের তাগিদ দেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) পিন্টু চাকমা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, মঈনুল আলম ছোটন, নুরুল ইসলাম নুরু প্রমুখ। এনামুল হক এমপি আরো বলেন, জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। ফুটওভার ব্রিজটি ব্যবহারোপযোগী করা এবং খোলা ম্যানহোলের ঝুঁকি দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।












