শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চবিতে পুরস্কার বিতরণ

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ এ প্রোগ্রামের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার মেরিন সাইন্স অ্যান্ড ফিসারিজ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

চবি শাখা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্‌ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলআমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার এবং মেরিন সাইন্সেস অ্যান্ড ফিসারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। প্রধান অতিথি বলেন, আমরা দীর্ঘ ইতিহাস পেরিয়ে আজকের গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের সামনে জিয়ার কথা বলছি। যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা এ সুযোগ পেয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ কোনো শব্দ নয়, এটি একটি দর্শন যার প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটি জাতি গঠনের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হওয়া উচিত।

অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, পরবর্তী প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে। ইতিহাসে যার যতটুকু অবদান আছে, তা জানা জরুরি। অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার বলেন, শিক্ষার্থীদের জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে জানা প্রয়োজন। দেশের বিভিন্ন পরিবর্তন ও সংস্কারে তার ভূমিকা রয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আলআমিন বলেন,অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার সুযোগ করে দেওয়া। সব লেখা সবসময় সম্পূর্ণ সত্য নাও হতে পারে এটি তাদের বোঝাতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছে জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরতেই আমরা নিজস্ব অর্থায়নে এ ধরনের আয়োজন করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধস্টেশন রোডে রাস্তা দখল করে মালামাল রাখলে কঠোর ব্যবস্থা
পরবর্তী নিবন্ধমহিলা কলেজের প্রাক্তন ছাত্রী পরিষদের সভা