ওগো শরতের সফেদ মেঘের ভেলা!
কোন উদাসীর মন নিয়ে তুই
নীলিমায় করিস খেলা?
যাসনে, ওরে যাসনে আমায় ছাড়ি!
ইচ্ছে আমার এক আকাশ নীল কাড়ি!
কোন কবির কবিতার খাতায় হই নীলাম্বরী।
সকাল বিকেল তোর পানে চেয়ে থাকি,
হলদে, টিয়ে, শালিক শ্যামাদের ডাকি,
শিউলি চাঁপার পরশ যে মনে মাখি।
কাশের বনে উশকু খুশকুু চুলে,
কাশ পরীদের নরম তনু দোলে,
আলতু পায়ে চলি আমি অতি সংগোপনে।
লজ্জাবতী মুখ লুকায়ে চলে,
ছুঁয়ে দেই তারে সেদিন শেষ বিকেলে,
ফুলটি যে তার আমায় আঁকড়ে ফেলে।
মৃদু হাওয়ায় এমনই বিকেল ভরে,
পূর্বাকাশে রামধনুদের নীড়ে,
আবির খেলায় উঠলো মেতে সুনীল আকাশ ঘিরে।
দিগন্ত জুড়ে নীল লালিমার মেলা,
ঘাস ফড়িংও জমিয়ে বসেছে খেলা,
প্রজাপতির রং বিলাতে নেই তো অবহেলা।
এমনো লগনে দূর্বাঘাসে বসি,
কোন সুদূরে আনমনেতে ভাসি,
শরতের বিকেল, সুনীল আকাশ!
তোদের, বড়ই ভালোবাসি।












