শব্দদূষণ রোধে গণসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬ বিধি এবং সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুসারে এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ১৫ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না। একই বিজ্ঞপ্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের দেওয়া আরও কয়েকটি নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে।

সেগুলো হচ্ছে– নীরব এলাকার (সাইলেন্ট জোনস) ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন; শব্দ নিয়ন্ত্রণে নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়; বিভিন্ন কর্মসূচি পালন ও মোবাইলে বিশেষ বার্তা দেওয়া।

এ ছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুযায়ী শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ, অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।

পাশাপাশি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান তুলে ধরে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থি, বেআইনি, জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকায় এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে সে ব্যাখ্যাও চেয়েছেন আদালত।

শব্দদূষণ এখন মারাত্মক আকার ধারণ করেছে। একটি নীরব ঘাতক হিসেবে বিবেচিত এই শব্দদূষণ শুধু চট্টগ্রাম বা রাজধানীতে নয়, সারাদেশে এটি চলছে দোর্দণ্ডপ্রতাপে। বিশেষজ্ঞদের মতে, বাতাসের মাধ্যমে সহনক্ষমতার অধিক তীব্র বা তীক্ষ্‌ণ, বিশেষ করে সুরবর্জিত শব্দের উপস্থিতিতে মানুষ তথা জীব পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়, তাকেই শব্দদূষণ বলা হয়।

অপরিণামদর্শী মানুষ তাদের দৈনন্দিন কার্যকলাপের মধ্য দিয়ে প্রতিনিয়ত শব্দদূষণ ঘটিয়ে চলেছে। মানব–সত্যতার বিকাশমান ধারায় অপরিকল্পিত নগরায়ণ, শিল্পের দ্রুত প্রভাব, পরিবহনের অবাধ প্রবাহ প্রতিনিয়ত সুরবর্জিত শব্দের বিস্তার ঘটাচ্ছে। ফলে শব্দদূষণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে শব্দদূষণের অন্যতম প্রধান উৎস পরিবহন। মাত্রাধিক ডিজেল ইঞ্জিনচালিত বাস, ট্রাক, কার, মোটর সাইকেল থেকে উত্থিত অনিয়ন্ত্রিত শব্দ পরিবেশ দূষণেরও অন্যতম কারণ। এছাড়া এসব যানবাহনের অনিয়ন্ত্রিত উচ্চুতীব্রতাসম্পন্ন হাইড্রলিক বা বৈদ্যুতিক হর্ন হচ্ছে শব্দদূষণের প্রধান উৎস। স্কুলুকলেজ, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানেও এসব তীব্র শব্দের রাহুগ্রাস থেকে মুক্তি নেই।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় স্পষ্ট বলা আছে কোন এলাকায়, দিনের কোন সময়ে, কী ধরনের শব্দদূষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা কোনোভাবেই মানা হয় না। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাত্রাতিরিক্ত এ শব্দদূষণের জন্য গাড়ির হাইড্রোলিক হর্ন, মোটরযানের অতিরিক্ত হর্ন, শিল্পুকারখানার মেশিনের শব্দ, বাসাবাড়ি ও শপিং মলে জেনারেটর ও উচ্চ শব্দে মিউজিক বাজানো, নির্মাণ কাজের পণ্য ওঠানামা ও নির্মাণ কাজ চলাকালে সৃষ্ট শব্দ এবং মাইকিং দায়ী। চিকিৎসকরা বলছেন, শব্দদূষণের কারণে বাড়ছে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি আইনের কার্যকর প্রয়োগ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শব্দদূষণ রোধে গণসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। আর এই কাজে প্রশাসন ও গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন দূষণমুক্ত নিরাপদ পরিবেশ। পরিবেশ দূষণ ও দূষণরোধে নিজেদের সচেতনতা ও দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ। কোন একক ব্যক্তি বা সংগঠনের পক্ষে অনেক সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন ধারাবাহিক সম্মিলিত প্রচেষ্টা। পরিবেশের ক্ষতিকর বিষয় সম্পর্কে আমরা নিজেরা যখন সচেতন হবো, তখন অন্যদেরকে সচেতন করে তোলার মাধ্যমে আমাদের পরিবেশকে নিরাপদ এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ–সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে