খাগড়াছড়ি জেলা সদরে বিপন্ন প্রজাতির তক্ষক পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে নারানখাইয়া এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাদের বহনকারী সিএনজি টেক্সি থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকার মোহাম্মদ আলী (৩২) ও বড় মেরুং এলাকার মো. মোতাক আহমদ (২৫)।
খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, চেকপোস্টে একটি সিএনজি টেক্সি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির সঙ্গে থাকা গোলাপি রঙের একটি শপিং ব্যাগের ভেতর থেকে কালো–ধূসর বর্ণের প্রায় সাত ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করা হয়। তারা পরস্পরের যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে তক্ষকটি নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় এসআই মহিদুল ইসলাম বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২–এর ৮৮(১) ধারায় মামলা করেছেন। পরে তক্ষকটি জব্দ করে দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, তক্ষক পাচারের সঙ্গে একটি চক্র জড়িত। তারা বিভিন্ন স্থানে তক্ষক পাচারের চেষ্টা করে।
মূলত তক্ষক নিয়ে নানা ধরনের গুজব প্রচলিত রয়েছে। এসব প্রতারণায় যুক্ত না হতে তিনি মানুষকে অনুরোধ করেন। উদ্ধার করা তক্ষকটি পরে বনে অবমুক্ত করা হয়েছে।











