চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হারুন (৪২) মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের খাসমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন উপজেলার চরম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মছন্যা বাপের পাড়া এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন। দুর্ঘটনায় অন্য আরোহীরা অক্ষত থাকলেও হারুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।
চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওসমান গণি জানান, শুক্রবার বিকেলে জানাজার নামাজ শেষে নিহত হারুনকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার ব্যাপারে হাইওয়ে থানাকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।













