লোহাগাড়ায় তিন স’মিলকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৩টি অবৈধ করাতকলে (স’মিল) অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলার আধুনগর স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ। তবে অভিযানের আগেই খবর ফাঁস হওয়ায় করাতকলে মজুদ করা অবৈধ কাঠ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযানে করাতকলের মালিক হেলাল উদ্দিনকে ৫ হাজার টাকা, রেজাউল করিমকে ৮ হাজার টাকা ও মো. জামালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সাথে ছিলেন আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, থানার এএসআই আলাউদ্দিন সহ বনবিভাগ, উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীরা।

স্থানীয়দের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে–এমন খবর ফাঁস হওয়ায় করাতকলের মালিকরা আগে থেকেই করাতকলে মজুদ করা অবৈধ কাঠগুলো সরিয়ে ফেলে। ফলে অভিযান পরিচালনার সময় করাতকলগুলো অনেকটা ফাঁকা অবস্থায় ছিল। অভিযান শেষে বনবিভাগের লোকজন অভিযান পরিচালনা করা হয়নি এমন ২টি করাতকল থেকে বৈধতা যাচাই–বাচাই না করে কিছু গোলকাঠ জব্দ করে নিয়ে যায়।

চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবির হাসান জানান, পাহাড় থেকে কাটা গোলকাঠ শনাক্ত করে জব্দ করা হয়েছে। তবে বড় আকারের সেগুন ও গামারি কাঠ জব্দ না করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ জানান, চারটি করাতকলে অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে তিনটিতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে। একই সাথে এক মাসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের পাহাড় হত্যা নর হত্যার চেয়েও ভয়াবহ
পরবর্তী নিবন্ধকাল টিআইসিতে ‘নিজেরে কর জয়’