লোহাগাড়ায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় শাহীন আহমদ (৩৯) নামে এক যাত্রী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। গত শনিবার বেলা ৩টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহীন আহমদ ঢাকার উত্তরা আয়কর কার্যালয়ের প্রধান সহকারী। রেলওয়ে সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস। ঘটনাস্থলে পৌঁছালে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুর্বৃত্তরা। জানালার পাশে বসে থাকা যাত্রী শাহীন আহমদের মাথায় পাথরটি আঘাত করলে তার মাথা ফেটে রক্তপাত শুরু হয়। পরে রেলওয়ের দায়িত্বপ্রাপ্তরা মাইকে ঘোষণা দিয়ে ট্রেনে কোনো চিকিৎসক আছেন কিনা জানতে চান। এ সময় একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক এগিয়ে এসে আহত যাত্রীকে দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
আহত শাহীন আহমদ গণমাধ্যমকে জানান, দুপুরের খাবার খাওয়ার পর তিনি জানালা সামান্য খুলে বাইরে দেখছিলেন। হঠাৎ একটি পাথর এসে তার মাথায় আঘাত করে। ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও রক্তপাত বন্ধ হচ্ছিল না। পরে বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশনে ট্রেন থামিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়। এরপর নজরুল ইসলাম নামে এক ব্যক্তির সহায়তায় সিএনজিচালিত টেক্সিতে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়। পরে চিকিৎসা শেষে বিমানে ঢাকায় ফিরে যান বলে জানান তিনি।
এদিকে একই ট্রেনে এর আগে বেলা ২টার দিকে রামু–ইসলামাবাদ এলাকায়ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ‘খ’ বগির জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি।
লোহাগাড়া রেলওয়ে স্টেশন মাস্টার এনামুল হক চৌধুরী জানান, চলন্ত ট্রেনে পাথরের আঘাতে এক যাত্রীর মাথা ফেটে যাওয়া বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে অবগত হয়েছেন। ওইদিন বেলা ৩টা ১০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস লোহাগাড়া স্টেশন অতিক্রম করেছে। তবে এ ধরনের ঘটনা বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।












