লেখক ও বিপ্লবী অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান

কাজী সাইফুল হক | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মানুষ শুধু কর্মেই বাঁচে তা না। মানুষের বেঁচে থাকার উল্লেখযোগ্য আরো উৎস–উৎকলন থাকে। তাঁর চিন্তা, আদর্শ, সাহিত্য, সৃষ্টি এবং সমাজের জন্য রেখে যাওয়া দানে–অবদানেও মানুষ বেঁচে থাকেন প্রস্থিত–পরও। এমত মানুষেরা জীবনের নির্দিষ্ট–বিশেষ পরিচয়ে রুদ্ধ–বদ্ধ থাকেন না। সমাজে সমৃদ্ধ ঋদ্ধতার ঋণ রেখে যান নিরন্তর। তাঁরা একঅঙ্গে একইসঙ্গে শিক্ষক, লেখক, চিন্তাবিদ, সমাজসংস্কারক ও আন্দোলনের চমৎকৃত পথিকৃৎ। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানকে তেমনই একজন মনে হয় আমাদের নয়নে–নজরে। তিনি বহুপ্রজ বিরল ব্যক্তিত্ব। একজন জ্যোতিষ্মান শিক্ষাবিদ, খ্যাতিমান সাহিত্যিক, ক্ষুরধার কলামিস্ট, সাংস্কৃতিক ও পণ্ডিতপ্রবর ব্যক্তিত্ব এবং সমাজ পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা হিসেবেও মশহুর তিনি। তাঁর জীবনকে কেবলই একজন অধ্যক্ষের ছাঁচে ফেলে মূল্যায়ন করলে তাঁর প্রকৃত অবদান অনুধাবন অসম্ভব। তাঁর লেখালেখি তথা চিন্তার বিপ্লব, এবং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার চেষ্টা–ফিকির অবশ্যই সামাজিক বিপ্লবের বাস্তব রূপ–রূপায়ন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সমন্বয়–সাজুয্যে তিনি যে জীবনদর্শন ও জীবনাদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও নানান আঙ্গিকে প্রাসঙ্গিক। অধ্যক্ষ খানের অন্যতম ম্যালা এবং মৌল পরিচয় হচ্ছে তাঁর লেখকসত্তা। তিনি লিখতে হবে হেতু লিখেননি; বরং দেশ, সমাজ, মানুষ, মানবতা, সংস্কৃতি, সংহতি, ধর্মীয় চিন্তা, অধ্যাত্ম বিচিন্তা, রাজনীতি এবং জীবনবোধকেও করেছেন লেখার অনুঘটক।

তিনি শিক্ষক, তিনি লেখক, তিনি ভাষাসৈনিক, তিনি কথক, তিনি বিপ্লবী। তিনি যত যা লিখেছেন সবটে সমাজ ও রাষ্ট্রের কদর্য–কপট রূপ নিয়ে। লেখায় তিনি যে বয়ান বিলিয়েছেন তা শ্লেষের সাথে এক সিরিয়াস বারতা। তিনি তাঁর কথাবার্তাকে ঋজুতার সাথে সরাসরি–সাহসিয়ানায় উচ্চারণ করেছেন। লেখালেখি ও বিপ্লবকে সাথে করে–সারথি বানিয়ে চলেছেন। সমাজ ও রাষ্ট্রের সমালোচনায় তাঁর ধারালো ও তীর্যক বয়ান বৈপ্লবিক বান ডেকেছে। তিনি এদেশের প্রতিটি সরকারের স্বৈরমনোভাব ও তাদের দালাল দাঁতালদের বিরুদ্ধে কলমের কালি ঝরিয়েছেন। তিনি লেখালেখিকে জীবনধারণের উপলক্ষ বানাননি। বরং সমাজ পরিবর্তনের একধরনের বর্ম হিসেবে কবুল করেছিলেন। এজন্য তিনি সাধারণ মানুষের কথক ও কণ্ঠ হয়ে উঠেছেন জীবদ্দশায় এবং মৃত্যুপাঠ পরও। নিজস্ব কৌশল, ঢং ও বিষয় ভাবনায় তাঁর সাথে আর কাউকে মেলানো কিংবা তুল্য–মূল্য দেয়া যায় না। এখানে তিনি স্বতন্ত্র–সবাক–অতন্দ্র।

অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান এমন এক সময়ে লেখালেখি করেছেন যখন এ দেশ ও দেশের মানুষ নানা মাত্রা ও বিচিত্রা সংকট–সন্দিগ্ধের মধ্যদিয়ে গিয়েছে। দেশ তো অসন্তোষ, রোষ আর আন্দোলনের ভেতর দিয়ে তার কাল পার করছে। এদেশের জন্মই হয়েছে শোষণ–শাসন, অন্যায়–অবিচার আর বৈষম্যের দুর্ভেদ্যতা ঠেলে। তো এমন পরিস্থিতিতে লেখকের ভূমিকা কেমনতরো হওয়া দরকার তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের লেখালেখি থেকে। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে কীভাবে অর্থবহ করতে হয়, কীভাবে স্বতন্ত্র ধারা তৈরি করে সমকালীন সমাজব্যবস্থা ও ভবিষ্যতের সংকট মোকাবিলা করা যায় এমন বিরল দৃষ্টান্তই দেখিয়েছেন।

সমকালীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থার চামচাগিরি নিয়ে অধ্যক্ষ খান স্যারের স্তুতিগাথা অন্তরে গেঁথে থাকার মতো।

‘বস্তুত বর্তমানে সুশাসনের পথে বড় বাধা মোসাহেবি’– এ বয়ান আমার নয়, বলেছেন সৈয়দ আবুল মকসুদ। সত্যিই, সুশাসন ও সুখের অন্তরায়খ্যাত ‘চামচামি’ দেশের সুখ–শান্তি কেড়ে খাচ্ছে সন্দেহ নেই। গণতন্ত্রে চেলাচেলি, তেলাতেলি তথা চামচাবাদের জায়গা থাকতে নেই বললেও চামচাভূমে তিল পরিমাণ জায়গা অবশিষ্টও নেই! দর্শনে মনে হবে মোসাহেবিরা কৃত্রিম প্রশংসা–চামচামির চামচ নিয়ে জন্মেছে। তারা বিশ্বাস করতে চায় না, চামচ চিরদিন চকচকে থাকে না। জং ধরে–মরীচা পড়ে; ভেঙে যায়। অতঃপর একসময় চামচ ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে।

অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান জীবনভর এমতই বিপ্লবী চেতনায় জিন্দেগি যাপন করেছেন। তাঁর মধ্যে একসঙ্গে বহু বিপ্লবী চেতনার সৌন্দর্য–সৌকর্য ঝলমলিয়ে উঠেছে। ভাষা আন্দোলন, ছাত্ররাজনীতি ও বিপ্লবী চেতনা, শিক্ষাবিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব ও সমাজসংস্কারে অবদান, কলম ও কর্মের সমন্বয় এবং ব্যক্তিত্ব, আদর্শ ও মানবিক দর্শন প্রভৃতি।

বিপ্লবী চেতনা ও রাজনৈতিক সচেতনতা তাঁর জীবনের এক গুরুত্ববহ দিক ও দিগন্ত। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে অন্বিত হন। পরে তমদ্দুন মজলিসের সঙ্গেও যুক্ত ছিলেন। ষাটের দশকের শুরুতে ছাত্রআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৬২ সালে চট্টগ্রামে শহিদ দিবস পালন উপলক্ষে মুসলিম ইনস্টিটিউট হলে সমাবেশপরবর্তী মিছিল থেকে সহকর্মীদের সঙ্গে গ্রেপ্তার হন। তাঁরাই চট্টগ্রামের প্রথম ছাত্ররাজবন্দি ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি যে আপসহীন মনোভাবধ্যানী ছিলেন, তা তাঁর পরবর্তী জীবনেও ছাপ ফেলেছে। ১৯৬৫ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর শিষ্যত্ব গ্রহণ তাঁর রাজনৈতিক ও আদর্শিক জীবনের আরেক বৈপ্লবিক পরিবর্তন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তাঁর অংশগ্রহণ ছিলো। ফলে তাঁর বিপ্লবী পরিচয় শুধু লেখার মধ্যে আবদ্ধ থাকেনি; দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মুক্তির সংগ্রামেও তাঁর অংশগ্রহণ ইতিহাসকে করেছে সমৃদ্ধ।

অধ্যক্ষ খান স্যারের আরেক যুগান্তকারী কাজ হলো শিক্ষার প্রসারে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ। সমাজ পরিবর্তনের সবচে’ কার্যকর হাতিয়ার হচ্ছে শিক্ষা–এ কথায় তাঁর ছিলো প্রবল বিশ্বাস। একটি জাতির উন্নতির পয়লা স্তর তার শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা। একাত্তরের যুদ্ধপাঁজরা–যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও নগর কর্মজীবনকে পায়ে ঠেলে জন্মডেরা আনোয়ারায় ফিরে আসেন। ১৯৭২ সালে আনোয়ারা কলেজ প্রতিষ্ঠার কাজে কর্মবীরের ভূমিকায় অবতীর্ণ হন এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্বে মনোনিবেশ করেন। কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি গঞ্জ–গ্রামে ঘুরেছেন তো ঘুরেছেন; চাল, টিন ও নগদ অর্থ সংগ্রহের জন্যও হাত পেতেছেন। মানুষের সহযোগিতা নিয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার এই প্রচেষ্টা অবশ্য এক ধরনের সামাজিক বিপ্লব। কারণ, তিনি শুধু একটি কলেজের অবকাঠামো নির্মাণ করেননি; বরং একটি অঞ্চলে উচ্চশিক্ষার নতুন দরজা খুলে দিয়েছেন। পরবর্তীতে ফেনীর ছাগলনাইয়া কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সরকারিকরণে তাঁর অসামান্য অবদান ইতিহাস গাইছে গান। ওমরগণি এমইএস কলেজেও অধ্যক্ষপদে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, নোয়াখালী সরকারি কলেজ এবং কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজে শিক্ষকতা করেন। তাঁর শিক্ষাভাবনার মূল ভিত্তি হলো– শিক্ষা কোনো ব্যক্তিগত পেশা নয়; এটি জাতি গঠনের মহান দায়–দায়িত্ব।

শিক্ষাবিপ্লবের অঙ্গেসঙ্গে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান সাংস্কৃতিক জাগরণেও রাখেন নন্দিত ভূমিকা। তিনি উপলব্ধি করেছিলেন, কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করলেই সমাজের প্রকৃত উন্নয়ন হবে না। মানুষের চিন্তা, মনন, সংস্কৃতি ও মূল্যবোধের পরিবর্তনও জরুরি। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে প্রবলভাবে বিযুক্ত ছিলেন। চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেন। বাকলিয়ার শহীদ এন.এম.এম.জে কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও রাখেন প্রোজ্জ্বল ভূমিকা। তাঁর সাংস্কৃতিক চেতনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো লোকজ দর্শন ও ঐতিহ্যের প্রতি অতল আগ্রহ। বাউলতত্ত্ব, সুফিবাদ, দেহতত্ত্ব এবং তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তাঁর গবেষণার আগ্রহ প্রমাণ করে–তিনি মানুষের অন্তর্জগৎ, বিশ্বাস ও জীবনদর্শন সম্পর্কে গভীরভাবে জানতে চেয়েছিলেন। তাঁর কাছে সংস্কৃতি ছিলো মানুষের আত্মপরিচয়ের ভিত্তি। ফলত সাহিত্যচর্চা, শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তিনি সমাজ পরিবর্তনের পরস্পরসম্পর্কিত মাধ্যম হিসেবে দেখেছেন।

একজন মানুষ, একটি প্রতিষ্ঠান, এক বিপ্লবী দর্শনবাদি অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ছিলেন একাধারে লেখক, শিক্ষক, সংগঠক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং সমাজ পরিবর্তনের কর্মী। তাঁর বহুমাত্রিক বিপ্লব ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, শিক্ষার প্রসার, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক জাগরণ–প্রতিটি ক্ষেত্রেই রয়েছে চিন্তার স্বাক্ষর। তাঁর হাতে অস্ত্রের চেয়ে শক্তিশালী ছিলো কলম, আর বিপ্লবের অন্যতম প্রধান হাতিয়ার ছিলো শিক্ষা। তিনি জানতেন, সমাজকে স্থায়ীভাবে বদলে দিতে হলে মানুষের চিন্তাজগতে পরিবর্তন–পরিমার্জন জরুরি। তাই তিনি কখনো কলম ধরেছেন, কখনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন, কখনো ছাত্রআন্দোলনে অংশ নিয়েছেন, আবার কখনো সমাজের অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক ও বিশ্লেষণধর্মী লেখা লিখেছেন।

তিনি শুধু অধ্যক্ষই ছিলেন না; চিন্তাধারা, শিক্ষাবিপ্লব এবং এক মানবিক সমাজ গড়ার মহান মানুষে পরিণত হয়েছেন। সমাজ থেকে শোষণ ও বঞ্চনা বিদায় করার ক্ষেত্রে তিনি আজও আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ একজন লেখক ও বিপ্লবী। তাঁর মৃত্যুর ১৩তম বর্ষে জানাই হাজার সালাম। লেখক : প্রাবন্ধিক ও প্রকাশক, গলুই প্রকাশন

পূর্ববর্তী নিবন্ধইতিবাচক মূল্যবোধের আলোই দূর করে হিংসা-বিদ্বেষ ও অহংকার
পরবর্তী নিবন্ধহল্যান্ড থেকে