লজ্জার হারের পর অজুহাত দিতে চান না মারিয়া

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ার কাছে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে এই বিধ্বস্ত হওয়ার পর কোনো ধরনের অজুহাত দাঁড় করাতে চান না দলের অধিনায়ক মারিয়া মান্ডা। বরং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে চান তিনি। এশিয়ান গেমসে নিজেদের পরবর্তী ম্যাচগুলোর প্রস্তুতি নিতে মঙ্গলবার অনুশীলনে ফিরে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। গত সোমবার ওসাকায় এশিয়ান গেমসের ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ১০০ গোলে উড়ে যায় বাংলাদেশ। তবে সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে মঙ্গলবার সকালেই জেগ্রিন সাকাই স্পোর্টস সেন্টারে ফের অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছেন ফুটবলাররা। সকালের অনুশীলন শেষে কথা বলার সময় বেশ শান্ত ও ইতিবাচক দেখা যায় মারিয়াকে। এশিয়ার অন্যতম পরাশক্তির বিপক্ষে ম্যাচটি যে বাস্তবতার এক কঠিন পরীক্ষা ছিল, সেটি অকপটে স্বীকার করে নেন তিনি। মারিয়া বলেন, ‘তারা অনেক ভালো একটি দল এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মাঠে আমাদের যা করার সামর্থ্য ছিল, আমরা করেছি। এ ধরনের শীর্ষ দলের বিপক্ষে খেললে অনেক কিছু শেখার সুযোগ থাকে।’ আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার জন্য নিজেদের মানের যে আরও উন্নতি প্রয়োজন, সেটি মনে করিয়ে দিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘আমাদের এখনও বহুদূর যেতে হবে। এই মানের দলগুলোর বিপক্ষে লড়াই করতে চাইলে ভবিষ্যতে আমাদের আরও অনেক ভালো প্রস্তুতি নিতে হবে।’ উল্লেখ্য, এই ম্যাচে ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার মতো কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন ব্রিটিশ প্রধান কোচ পিটার বাটলার। তাদের বদলে একাদশে সুযোগ পেয়েছিল কয়েকজন আনকোরা তরুণী। তবে সেই কৌশল কাজে লাগেনি। আগামী বৃহস্পতিবার সাকাইতে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের ‘এফ’ গ্রুপের লড়াই।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ বয়েজ ক্লাবের সভা
পরবর্তী নিবন্ধটিসিজেএ’র বার্ষিক ইনডোর ক্রীড়ার পুরস্কার বিতরণী