রাঙামাটির লংগদু উপজেলায় কেবিএম নামের একটি অবৈধ ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস এবং কাপ্তাই হ্রদে দেওয়া অবৈধ বাঁধ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আটারকছড়া ইউনিয়নের তিনব্রিজ বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদ ঘেঁষে পাহাড় কেটে কোনো অনুমোদন ছাড়াই ইটভাটাটি গড়ে তোলা হয়েছিল। সেখানে বনের কাঠ দিয়ে অবৈধভাবে পোড়ানো হচ্ছিল ইট। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী জরিমানা করেন। এর আগেও একবার প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভাটাটি বন্ধ করে দিয়েছিল। ইউএনও জাহাঙ্গীর হোসাইন বলেন, ভাটাটি এর আগে বন্ধ করে দেওয়া হলেও আবার চালু করা হয়েছিল। অভিযানে ২ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস করা হয়েছে। হ্রদের ওপর দেওয়া বাঁধটিও দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।







