রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাধারণ রোগীর বেশে হাসপাতালে গিয়ে গতকাল বুধবার অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় হাসপাতালের ওষুধের মজুতের হিসাবে গরমিল, ডেন্টাল বিভাগের যন্ত্র নষ্ট থাকা এবং এক সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার তথ্য পায় দলটি। এছাড়া ওই কর্মকর্তার ব্যাংক হিসাব ও গ্রামের বাড়িতে নির্মাণাধীন ভবনও পরিদর্শন করা হয়।
দুদক সূত্র জানায়, দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়–২–এর সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। টিমের সদস্যরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে এসব অনিয়মের তথ্য পান। বিশেষ করে ডেন্টাল বিভাগের একটি যন্ত্র নষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পাশাপাশি মজুত ওষুধের হিসাব যাচাই করে গরমিল পাওয়া যায়।
এছাড়া হাসপাতালের হাজিরা রেজিস্টার যাচাই করে এক সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। পরে ওই কর্মকর্তার সোনালী ব্যাংকের হিসাব যাচাই করে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায় বলে দুদক সূত্র জানায়। তার গ্রামের বাড়িতে নির্মাণাধীন একটি দুইতলা ভবনও পরিদর্শন করে দলটি।
অভিযোগের বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের সঙ্গে ফোনে কথা বলে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন নথিপত্রও সংগ্রহ করে দুদকের দল। দুদকের এনফোর্সমেন্ট টিমের প্রধান রাজু আহমেদ জানান, সংগৃহীত তথ্য ও নথিপত্র যাচাই–বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাসপাতাল ঘুরে দেখেছে। তাদের চাহিদামতো সব কাগজপত্র সরবরাহ করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।












