রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুলের জয়

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:৩২ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ৪টি ম্যাচ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত এ টুর্নামেন্টে গতকালের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ বনাম রেলওয়ে পাবলিক হাই স্কুলের মধ্যকার অপর খেলাটি ড্র হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের ১ম এই খেলাটি ০০ গোলে ড্র হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মিউনিসিপ্যাল স্কুলের মোহাম্মদ তারেকের হাতে পুরস্কার তুলে দেন কোচ ও সাবেক খেলোয়াড় হায়দার কবির প্রিন্স। একই মাঠে সকালে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ১০ গোলে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে দ্বিতীয় জয় তুলে নেয়। দলের পক্ষে একমাত্র গোলদাতা মো. ইব্রাহিম। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে স্কুলের জায়েদ হাসানের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য এম এইচ হাসান। দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ১০ গোলে হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে গোলে করেন মোহাম্মদ জারিফ। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নাসিরাবাদ স্কুলের জারিফের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম। বিকালে অনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ ম্যাচে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ৩০ গোলে ভোলানাথ মনোরমা সিটি কপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। দলের পক্ষে ওসমান বিন বশির ২টি ও শাহাদাত হোসেন ১টি গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের ওসমান বিন বশিরের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনী ম্যাচে চকরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক সদর উপজেলার
পরবর্তী নিবন্ধমাইলফলকের হাতছানিতে ক্যারি,স্মিথ,স্টার্ক,মুশফিক