রেডিও আয়োডিন ক্যাপসুলের সরবরাহ সংকটের কারণে বিপাকে পড়েছেন চট্টগ্রামের থাইরয়েড ক্যান্সারের রোগীরা। সরকারিভাবে ক্যাপসুলটি চট্টগ্রাম ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস) এর মাধ্যমে রোগীদের সরবরাহ করা হয়ে থাকে। গত এক মাস ধরে ক্যাপসুলটি আসছে না। ফলে থাইরয়েড ক্যান্সারের রোগী ও স্বজনদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
তবে চট্টগ্রাম ইনমাসের চিকিৎসকরা বলছেন, রেডিও আয়োডিন ক্যাপসুলটি একজন রোগীর একটিই খেতে হয়। এই ক্যাপসুলটি পরমাণু শক্তি কমিশন আমদানি করে। আমরা তাদের চাহিদা দিয়ে থাকি। গত এক মাস ধরে ওষুধটির সরবরাহ নেই। তাই আপাতত বিকল্প দিয়ে চিকিৎসা দিতে হচ্ছে।
জানা গেছে, থাইরয়েডের সার্জারির পর রোগীরা ইনমাসে নিবন্ধন করেন। পরে চিকিৎসকরা যাচাই বাছাই করে ওষুধটি খেতে দেন। ওষুধটি খাওয়ার পর রোগীকে হাসপাতালে পাঁচ দিন একটি আবদ্ধ কক্ষে থাকতে হয়। সেখানে কেউ প্রবেশ করতে পারে না। কারণ এই ওষুধের মধ্যে রেডিয়েশন থাকার কারণে অন্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এই ধরণের রোগীর জন্য কেবিন আছে মাত্র একটি। যার কারণে অনেক দরিদ্র রোগীর পক্ষে ১৫–২০ হাজার টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে ওষুধটি নেয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে সময় মতো ওষুধটি নিতে না পারায় অনেক রোগীর মধ্যে পুনরায় ক্যানসার ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে জানান নাক, কান ও গলা রোগ বিভাগের চিকিৎসকরা।
ফটিকছড়ির বাসিন্দা আবুল হাশেম বলেন, আমার বোনের থাইরয়েড ক্যান্সারের সার্জারি করা হয়েছে দুই মাস আগে। কিন্তু রেডিও আয়োডিন ক্যাপসুলের সররবাহ না থাকায় আমার বোনটি ক্যাপসুল নিতে পারেনি।
নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা আবদুল হাকিম বলেন, গত মাসে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আমার স্ত্রীর থাইরয়েডের ক্যান্সারের সার্জারি করেছি। রেডিও আয়োডিন ক্যাপসুল না থাকার কারণে সেটি খেতে পারেনি সে। চট্টগ্রাম ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে যোগাযোগ করেছি, তারা বলেছেন–ক্যাপসুল আসলে তখন দেয়া হবে।
চমেক হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সঞ্জয় দাশ আজাদীকে বলেন, রেডিও আয়োডিন ক্যাপসুলটি থাইরয়েড ক্যান্সারের রোগীদের দিতে হয়। আমাদের ওয়ার্ডে প্রতি মাসে গড়ে ১০–১২ জন থাইরয়েড ক্যান্সারের রোগী ভর্তি থাকে। থাইরয়েডের ক্যান্সারের রোগীদের সার্জারির পর এক থেকে দেড় মাসের মধ্যে রেডিও আয়োডিন ক্যাপসুলটি দিতে হয়। চিকিৎসা অসম্পূর্ণ হলে এই ক্যান্সার পুনরায় ফিরে আসতে পারে।
চট্টগ্রাম ইনমাসের পরিচালক অধ্যাপক ডা. পবিত্র ভট্টাচার্য্য আজাদীকে বলেন, বর্তমানে আমাদের কাছে রেডিও আয়োডিন ক্যাপসুল নাই। ক্যাপসুল সরবরাহ করা হলে পর্যায়ক্রমে আমরা রোগীদের দিবো।













