নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইন এলাকায় ধারালো ছোরার মুখে এক রিকশাযাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে এ চিত্র দেখা যায়। তবে ঘটনাটি কবে সংঘটিত হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ছিনতাইকারী একটি প্যাডেলচালিত রিকশার যাত্রীকে আটকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছেন। এ সময় ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘দিই দিই, আরে ভাই দিতাছি তো।’ একপর্যায়ে সাদা টি–শার্ট পরা একজন ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে ওই রিকশাযাত্রীর প্যান্টের পকেট কাটতে শুরু করেন। অন্যজনও তার পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করেন। পরে পকেট কেটে কিছু একটা নিয়ে নেওয়া হয়। এরপর দুই ছিনতাইকারী কাছেই দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত রিকশায় উঠে পালিয়ে যান।
এ সময় আশপাশের ভবন থেকে লোকজন ‘মার মার’ বলে চিৎকার করেন। পরে স্থানীয়রা ‘চোর চোর’, ‘ধর ধর’ বলে রিকশাটিকে ধাওয়া দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ছিনতাইকারীদের বহনকারী ব্যাটারিচালিত রিকশাটিও দেখা যায়। রিকশাটি নিয়ে একপাশে দাঁড়িয়েছিল অপর একজন।
এ বিষয়ে বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) খায়রুল বাশার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদেরও নজরে পড়েছে। আমরা সেটি নিয়ে কাজ করছি। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। বিস্তারিত পরে জানাবো।












