প্রার্থনা
স্বর্গের পাশে নরক থাকবে
ভালোর সঙ্গে মন্দ
যুগ যুগ ধরে সুনীতি কুনীতি
লেগে আছে মহাদ্বন্দ্ব।
দ্বন্দ্ব কখনো বন্ধ হবে না
ভালো ও মন্দে বিশ্ব–
ঘাত–প্রতিঘাতে কেউ লাভবান
কেউ হয়ে যায় নিঃস্ব।
চিরন্তনের বাণী নিয়ে তাই
দু’হাতে কাটাই ভ্রান্তি–
দেশের ভেতরে মানুষের মনে
প্রতিষ্ঠা হোক শান্তি।












