রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়েছে। বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দম্পতির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি এক দিনেই শেষ করে গতকাল সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রায়ের দিন ধার্য করেন।

আদালতে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। খবর বাসসের। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে মৃত্যু ৫০০ ছাড়াল
পরবর্তী নিবন্ধহজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত