রাঙ্গুনিয়ায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্রে করে গত রোববার সন্ধ্যায় পুলিশের গাড়ি ভাংচুর, পুলিশ সদস্য আহত হওয়া এবং এক ইউপি সদস্য প্রার্থীসহ চারজন গুলিবিদ্ধের ঘটনায় মামলা দায়ের হয়েছে। উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নাপিতপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। নির্বাচনের দিন ওই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিবি পুলিশের ইন্সপেক্টর শরীফুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২-২৫০ জনকে আসামি করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর ফলাফল নিয়ে উত্তেজনা সৃষ্টি করে। উত্তেজনার এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এমনকি পরিস্থিতি শান্ত করতে গিয়ে তিনজন পুলিশ সদস্যও আহত হন। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাকা গুলি ছুড়েছে। এগুলো কারো গায়ে লাগেনি। তবে গুলিবিদ্ধ ব্যক্তিদের লক্ষ্য করে কারা গুলি ছুড়েছেন তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী মো. ফারুক ও মো. রাজা মিয়ার সমর্থকদের মাঝে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
এতে পুলিশের গাড়ি ভাংচুরসহ প্রার্থী মো. ফারুক (৪০) এবং তার সমর্থক শাহ আলম (৪৫), মো. সেলিম (৩৫) ও খোকন দে (৪৫) গুলিবিদ্ধ হন। তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৩ পুলিশ সদস্য ও রাজা মিয়ার আরও দুই সমর্থকও এই ঘটনায় আহত হয়েছেন।












