চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার হরিণগেট এলাকায় নসিমন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন যাত্রীর মৃত্যু হয়েছে৷ তার নাম হাফেজ মাওলানা নুরুল হক প্রকাশ কালাচাঁন (৫৩)। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মাওলানা নুরুল হক মরিয়মনগর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি এলাকায় একজন সম্মানিত হাফেজ ও আলেম হিসেবে সুপরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই সড়কের হরিণগেইট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি নসিমনকে (ড্রামট্রাক/থ্রি-হুইলার) বিপরীত দিক থেকে আসা চলন্ত সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী মাওলানা নুরুল হক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।












