রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদের রেলিং থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিশাত ওই এলাকার আব্দুস ছবুরের মেয়ে এবং স্থানীয় পীরানে পীর আবদুল কাদের জিলানী সুন্নিয়া দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিশাতের মা সুলতানা আক্তার দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
পরিবারের সদস্যদের অগোচরে নিশাত বাড়ির ছাদে ফুলের বাগান দেখতে যায়। একপর্যায়ে ছাদের রেলিং থেকে ছিটকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়।
জুমার আজানের সময় নিশাতের চাচি জান্নাতুল কাউছার ছাদে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের অন্য সদস্যদের ডাকা হলে দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন বলেন, শিশুটি ছাদের ওপর ফুলের বাগান দেখতে গিয়ে রেলিং থেকে নিচে পড়ে মারা গেছে বলে জেনেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।












