বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের পরিবারের অন্তর্ভুক্তি বাড়াতে রাঙ্গুনিয়ায় এক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে এওয়াক–এর ম্যাপ ইন সিবিআর প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিআরডিবির উপপরিচালক মোশাররফ হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মো. আছাফুল ইসলাম সিদ্দিকী। তিনি কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য, ম্যাপ ইন সিবিআর প্রকল্পের উপস্থাপন এবং বিআরডিবির উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অন্তর্ভুক্তির বিষয়টি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।
সিবিআর ফ্যাসিলিটেটর তাপস চন্দ্র বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস. এম. জিনাত সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা: সুজাত কুমার চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসহাক, সাংবাদিক জগলুল হুদা, ইয়ুথ সদস্য আঁখি সুলতানা, সিবিআর ইন্টার্ন চুমকী দে প্রমুখ। এসময় উপজেলা কৃষি অফিস থেকে বীজ ও প্রশিক্ষণ, মহিলা বিষয়ক অফিস থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার এবং যুব উন্নয়ন ও মৎস্য অফিস থেকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে যুক্ত করার গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। পরিশেষে, প্রতিবন্ধিতা–অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং জীবিকায়ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন আগত অতিথিবৃন্দ।












