রাঙামাটিতে পর্যটকের হারানো আইফোন উদ্ধার করল এপিবিএন

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

ঢাকা থেকে রাঙামাটিতে বেড়াতে আসা এক পর্যটকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন (আইফোন ১৩) দ্রুততম সময়ে উদ্ধার করে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত বৃহস্পতিবার রাতে রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর শুক্রবার সকালেই ভুক্তভোগীর কাছে ফোনটি হস্তান্তর ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল।

১৮ এপিবিএন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে কাপ্তাই উপজেলা হয়ে রাঙামাটিতে ভ্রমণে আসেন কয়েকজন যুবক। এরপর সন্ধ্যার দিকে তাদের একজন মো. মাজহারুল ইসলাম মাহী তার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরে রাত ৯টার দিকে রাঙামাটির কোতোয়ালি থানার একটি জিডি করেন এবং ১১টায় ১৮ এপিবিএন কার্যালয়ে গিয়ে তারা বিষয়টি তাদের জানায়।এরপর হারানো ফোন উদ্ধারে তাৎক্ষনিক কার্যক্রম শুরু করে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল। ফোনটি উদ্ধার করে শুক্রবার সকাল ১০টার দিকে তারা মোবাইল ফোনের মালিক মাজহারুল ইসলাম মাহীকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন। এরপর শুক্রবার সকাল ১১টার দিকে ১৮ এপিবিএন কার্যালয় থেকে আইফোন ১৩ মডেলের মোবাইল ফোনটি বুঝে নেন মাজহারুল ইসলাম মাহী।

জানা গেছে, মো. মাজহারুল ইসলাম মাহী ঢাকার যাত্রাবাড়ী থানার ৬১ নম্বর ওয়ার্ডের দনিয়া এলাকার কবিরুল ইসলামের ছেলে। এ প্রসঙ্গে জানতে চাইলে মো. মাজহারুল ইসলাম মাহী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আমার আইফোন ১৩ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। রাত ৯টার দিকে থানায় জিডি করে ১১টার সময় এপিবিএন কার্যালয়ে যাই। তারা রাতের মধ্যেই আইফোনটি উদ্ধার করে সকালে আমাদের জানায় এবং পরে আমি ফোনটি নিয়ে আসি। ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) রেজাউল করিম বলেন, তথ্য পাওয়ার মাত্র ১০ ঘণ্টার মধ্যে আইফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। আমরা জিডি পেয়ে উদ্ধারে তাৎক্ষনিক কার্যক্রম শুরু করে দিই এবং অবশেষে শুক্রবার সকালে ফোনটি হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকথকের নতুন প্রযোজনা দর্পণের প্রথম মঞ্চায়ন আজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান,১৫ হাজার টাকা জরিমানা