রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে বার্ষিক সংগীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। পাশাপাশি সংগীত, নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসংগীতের পরিবেশনায় সাজানো হয়েছে সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে অতিথি থাকবেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, বাচিক শিল্পী নাজমুল আলিম সাদেকী এবং ধ্রুব সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সাধারণ সম্পাদক স্বরূপ দেবনাথ। সভাপতিত্ব করবেন রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের সভাপতি ঝুলন দত্ত। এ আয়োজনে সংগীত প্রযোজক পাপিয়া আহমেদ, বেতার ও টেলিভিশন শিল্পী রাজেশ সাহা এবং ঢোলবাদক শিবু জলদাসকে সংবর্ধনা দেওয়া হবে। সঞ্চালনা করবেন বাচিক শিল্পী তামান্না ইসলাম। সাংস্কৃতিক পর্বে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও সমবেত সংগীত এবং বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে।
এছাড়া বিদ্যালয়ের নৃত্য বিভাগের শিক্ষার্থীদের দলীয় নৃত্য, কালার্স একাডেমির পরিবেশনা এবং দলীয় যন্ত্রসংগীত অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবে। সংগীত পরিচালনায় থাকবেন বেতার শিল্পী রীপা বড়ুয়া, নৃত্য পরিচালনায় শ্রেয়া দাশ। আবৃত্তি পরিচালনায় মিথুন বড়ুয়া এবং দলীয় যন্ত্রসংগীত পরিচালনায় প্রাঙ্গন বড়ুয়া। অনুষ্ঠানে সুধীজন ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের সভাপতি ঝুলন দত্ত ও অধ্যক্ষ পপি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।











