রাউজান উপজেলা যুবদলের সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিল এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছোটনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

গতকাল সোমবার রাতে পাঠানো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো ওই নোটিশে উল্লেখ করা হয়, দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় তারা নেতৃত্ব দিয়েছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ উত্থাপিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এমন কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই নোটিশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ৭ নভেম্বর বিকাল ৩টার দিকে প্রথম দফায় পোমরা স্মৃতিসৌধ সংলগ্ন সড়কে হামলা এবং পরে দ্বিতীয় দফায় রাউজান পাহাড়তলী তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার শিকার নেতাকর্মীদের দাবি, তারা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের অনুসারী। তাদের অভিযোগ, বিএনপির অপর একটি গ্রুপ তাদের উপর এ হামলা চালিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ-বিজিবি
পরবর্তী নিবন্ধফুটপাত দখল করে বসা শতাধিক কাঠের চৌকি উচ্ছেদ