রাউজানে রাতে নিখোঁজ স্কুল দপ্তরী,সকালে লাশ মিলল ধানক্ষেতে

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নের ধানক্ষেত থেকে স্বপন বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কদলপুর পশ্চিম বড়ুয়া পাড়ার বাসিন্দা স্বপন বড়ুয়া স্থানীয় গৌরি চন্দ্র যতীন্দ্র হাই স্কুলের দপ্তরী ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাজার করে বাড়ি ফিরেন। বাড়িতে ফিরার পর তার মোবাইলে একটি ফোন আসলে তিনি স্ত্রীকে বলেন একজন ফোন করেছে তাকে বাইরে যেতে হচ্ছে। এ কথা বলে বের হওয়ার পর তিনি আর রাতে বাড়ি ফিরেননি। এলাকার লোকজন ও পরিবারের লোকজন তাকে রাতভর খোঁজাখুঁজি করে পায়নি। গতকাল বুধবার সকালে এলাকার এক ব্যক্তি তার লাশ বাড়ির আধা কিলোমিটার দূরে এক কৃষকের জমিতে দেখতে পান। তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় মেয়ে দোলা বড়ুয়া বলেন, ‘বাবার সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে (নাম প্রকাশ না করে) একজনের সঙ্গে ঝামেলা ছিল। এই ঝামেলা থেকে তাকে হত্যা করা হতে পারে।’ মামলা করবেন কি না জানতে চাইলে বলেন, ‘মামলা করে আবার ঝামেলায় পড়তে চাই না। এখন কারো বিরুদ্ধে আমাদের অভিযোগও নাই।’

স্বপন বড়ুয়া যেই বিদ্যালয়ে ছিলেন সেই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শাসন রক্ষিত ভান্তে বলেন, ২০০০ সালে তিনি স্কুলে চাকরিতে যোগদান করেন। গত রাতে মোবাইল ফোনে তাকে অজ্ঞাত ব্যক্তি ডেকে নিয়েছিল বলে শুনেছি। এরমধ্যে দুপুরে কৃষি জমিতে তার লাশ পাওয়া গেল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে ক্ষত থাকার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন লাশের কাছে একটি বিষের বোতল পড়েছিল বিষ পানে যদি আত্মহত্যা করলে বিষক্রিয়ায় গড়াগড়িতে শরীরে ক্ষতের সৃষ্টি হতে পারে। এটি হত্যা না কি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধচারদিনেও ধরাছোঁয়ার বাইরে ৫ অস্ত্রধারী
পরবর্তী নিবন্ধ‘জিরো ট্রাফিক জোন’ হবে অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড়