‘জিরো ট্রাফিক জোন’ হবে অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড়

স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত কমিটির সভায় সিদ্ধান্ত জলাবদ্ধতা পর্যবেক্ষণে প্রতিটি ওয়ার্ডে গঠন করা হচ্ছে বিশেষ মনিটরিং সেল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

নগরের চকবাজার অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড় পর্যন্ত এলাকাকে ‘জিরো ট্রাফিক জোন’ করা হবে। জিরো ট্রাফিক জোন হলে অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড় পর্যন্ত সড়কে কোনো অ্যাম্বুলেন্স, লাশের গাড়ি, রিকশা, সিএনজি বা ভাসমান ডাব বা ফলের দোকান দাঁড়াতে পারবে না।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত কমিটির ৮ম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সভায় কমিটির সদস্য বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সভায় চলতি বর্ষায় জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে খাল খনন ও প্রতিটি ওয়ার্ডে জলাবদ্ধতা পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং সেল গঠন, বর্জ্য ব্যবস্থাপনায় ল্যান্ডফিল গড়ে তুলতে জমি ক্রয়, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি জরিমানা আদায়, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে মশার লার্ভা পেলে সংশ্লিষ্ট ভবন নির্মাতা ডেভেলপার প্রতিষ্ঠান ও ভবন মালিকদের জরিমানার আওতায় আনার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ‘ডেকেয়ার সেন্টার’, ভবঘুরে ও মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসার জন্য একটি ‘মানসিক রোগ বিকাশ কেন্দ্র’ এবং প্রবীণদের জন্য ‘জেরিয়াট্রিক কেয়ার’ বা ওল্ড এজ হোম নির্মাণের ঘোষণা দেন মেয়র। এছাড়া সভায় জানানো হয় আগামী ২৭ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ ক্যাম্পেইনে ৫ লক্ষ ৬৪, হাজার শিশুক টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জিরো ট্রাফিক জোন : সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বৃহত্তর চট্টগ্রামের রোগীদের যাতায়াত নির্বিঘ্ন করতে অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড় পর্যন্ত এলাকাকে জিরো ট্রাফিক জোন করা হবে। এই সড়কের পাশে কোনো অ্যাম্বুলেন্স, লাশের গাড়ি, রিকশা, সিএনজি বা ভাসমান ডাব বা ফলের দোকান দাঁড়াতে পারবে না। বিশেষ করে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে রোগীর স্বজনদের অতিরিক্ত ভিড় থাকে, এই সময়ে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে থাকতে হবে। মেয়র বলেন, অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক পর্যন্ত ফুটপাতে পথচারীদের হাঁটার জন্য স্টিল বা লোহার নান্দনিক স্ট্রাকচার ও ফুলের টব দেওয়া হবে, দেয়ালগুলো গ্রাফিতির মাধ্যমে সাজানো হবে। সড়ক থেকে ফুটপাতের ডাব ও ফল বিক্রেতাদের উচ্ছেদ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্র্ব গেটে নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করা হবে।

জলাবদ্ধতা পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং সেল : নগরের প্রতিটি ওয়ার্ডে জলাবদ্ধতা পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং সেল গঠন করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, কোথায় কতক্ষণ পানি জমে থাকে, তার কারণ কী, ড্রেনেজ সমস্যা নাকি অবৈধ দখল এসব তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক সমাধান করা হবে এ বিশেষ মনিটরিং সেলএর মাধ্যমে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ৩৬টি খালের কাজ হলেও বাস্তবে চট্টগ্রাম শহরে আরো অনেক খালের অস্তিত্ব রয়েছে। বহু খাল দখল, ভরাট ও অবৈধ স্থাপনার কারণে তাদের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তাই শুধুমাত্র পূর্বনির্ধারিত ২১টি নয়, নতুন পরিকল্পনায় ৪০টিরও বেশি খালকে অন্তর্ভুক্ত করে ডিপিপি প্রস্তুত করা হচ্ছে। এই ৪০টির বেশি খাল পুনরুদ্ধার ও সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।

মেয়র নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানে সংশ্লিষ্ট সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পরিকল্পিত খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং সমন্বিত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করা হবে।

মেয়র বলেন, গত শুক্রবার টানা তিন থেকে চার ঘণ্টার ভারী বর্ষণের পরও নগরের অধিকাংশ এলাকায় পানি জমে থাকেনি। শুধুমাত্র কাতালগঞ্জ এলাকায় চলমান হিজড়া খাল সংস্কার কাজের কারণে কিছু সময় পানি জমে থাকলেও বৃষ্টি শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যেই পানি নেমে গেছে। এটি নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ইতিবাচক ফলাফল বলে তিনি উল্লেখ করেন। গত এক দশকে মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ ও কাতালগঞ্জসহ নগরের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় জলাবদ্ধতা দেখা যেত। কিন্তু গত বছর এসব এলাকার অধিকাংশ স্থানে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ কারণেই আমরা বলেছি, চট্টগ্রামে ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা কমাতে সক্ষম হয়েছি।

ডেকেয়ার ও ওল্ড এজ হোম প্রতিষ্ঠা : সভায় চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, নগরের আইনশৃঙ্খলা ও কিশোর গ্যাং দমনের পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক ইস্যু হচ্ছে শহরে ভবঘুরে ও মানসিক বিকারগ্রস্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া। সমাজসেবা অধিদপ্তরের বিদ্যমান ‘ভবঘুরে আইন’এর আওতাভুক্ত করে এদেরকে পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। নগরের সৌন্দর্য বৃদ্ধি ও জননিরাপত্তার স্বার্থে এদের চলাচল নিয়ন্ত্রণ এবং যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন। এরপর মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের গত ৭৮ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর মূল কারণ হচ্ছেশ্রমজীবী বাবামা জীবিকার তাগিদে বাইরে যাওয়ার সময় শিশুদের যথাযথ তত্ত্বাবধানে রেখে যেতে পারেন না। সুযোগসন্ধানী ও অপরাধী চক্র এসব অসহায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। এই সংকট দূরীকরণে ডেকেয়ার সেন্টার গড়ে তোলা হবে। ভবঘুরে ও মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসার জন্য একটি মানসিক রোগ বিকাশ কেন্দ্র এবং প্রবীণদের জন্য জেরিয়াট্রিক কেয়ার বা ওল্ড এজ হোম নির্মাণ করা হবে। পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের সন্তানদের সুরক্ষায় প্রতিটি ফ্যাক্টরিতে বাধ্যতামূলক ডেকেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে সরকারের উদ্যোগ কামনা করছি। চসিকের পক্ষ থেকে শিগগিরই বিজিএমইএ ও গার্মেন্টস মালিকদের সাথে এ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করব।

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে জরিমানা : চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন বলেন, বিভিন্ন নির্মাণাধীন ভবনে পরিদর্শনের সময় প্রচুর মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট ডেভেলপার ও ভবন মালিকদের জরিমানার আওতায় না আনলে তারা সচেতন হবে না। তিনি সড়ক ও ফুটপাত উচ্ছেদের পর পুনর্দখল রোধে জরিমানার প্রস্তাব করেন। বলেন, বিশেষ করে মুরাদপুর ও বিভিন্ন মার্কেট এলাকার মতো যেসব জায়গায় বারবার উচ্ছেদ করা হয়, সেখানে এখন থেকে নিয়মিত জরিমানার আইন প্রয়োগ করতে হবে। এমনকি যারা সড়কের আইল্যান্ড বা ফুটপাতের বাগানে ময়লা ফেলছে, তাদের চিহ্নিত করে জরিমানা করতে হবে এবং তা গণমাধ্যমে প্রচার করতে হবে যেন জনসচেতনতা তৈরি হয়। নগরের ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে জরিমানার হার খুবই নগণ্য। ম্যাজিস্ট্রেটরা উচ্ছেদ করে আসার পর বিকেলেই হকাররা আবার বসে যাচ্ছে। তাই এখন থেকে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজনে জরিমানা করতে হবে।

তিনি বলেন, হালিশহর ও ফয়’স লেকসহ বিভিন্ন রেসিডেন্সিয়াল এলাকায় কিশোরদের গ্যাং কালচার ও মারামারি প্রকট আকার ধারণ করেছে, যা সাধারণ নাগরিকদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনীর এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি অনেক আবাসিক এলাকায় নিজস্ব পকেট গেটগুলো বন্ধ করে রাখার কারণে সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ সড়কগুলো ব্যবহার করা যাচ্ছে না, ফলে মূল সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এই গেটগুলো উন্মুক্ত করার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, গত ডিসেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত আমেরিকান প্রযুক্তিনির্ভর বিটিআই লার্ভিসাইড ব্যবহার শুরু হয়েছে। এর ফলে গত ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং মৃত্যুহার শূন্যে নেমে এসেছে। তবে ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ছাদ, টব, প্লাস্টিকের বোতল কিংবা অল্প পরিমাণ জমে থাকা পানিতেও এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নাগরিকদেরও সচেতন হতে হবে।

অন্যান্য : সভায় মেয়র জানান, নগরের ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ল্যান্ডফিল অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। বর্তমানে আরেফিন নগর ও হালিশহরে দুটি ল্যান্ডফিল থাকলেও ভবিষ্যৎ চাহিদা পূরণে আরও প্রায় ১০০ কানি জমি প্রয়োজন। এ লক্ষ্যে জমি ক্রয়ের উদ্যোগ চলমান রয়েছে।

মেয়র নগরে অবৈধ দখল, ফুটপাত দখল, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ট্রাফিক বিভাগ, ম্যাজিস্ট্রেসি টিম ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। এসময় মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কাজীর দেউড়ি, নিউমার্কেট, আগ্রাবাদ, পতেঙ্গা ও ফয়’স লেকসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির আহ্বান জানান।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নগরের মিড আইল্যান্ডগুলোতে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সুরক্ষায় স্টিল, লোহা বা এমন কোনো উপাদানের বেষ্টনী দিতে হবে যা সহজে চুরি হবে না। ফ্লাইওভারের নিচের অংশগুলোতে আলোবাতাস এবং পর্যাপ্ত বৃষ্টির পানি না পাওয়ার কারণে ইতোমধ্যে লাগানো অনেক গাছই মারা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। শুধু চসিকের মালিদের ওপর নির্ভর করে এত বিশাল এলাকার গাছের পরিচর্যা ও পানি দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ঢাকার আদলে চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকার সড়ক বিভাজকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিভিন্ন সরকারি সংস্থাকে দেওয়া যেতে পারে। চসিকের ওয়াটার বাউজার এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।

ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, চসিকের বর্তমান ৫০৬০ জন মালিকে ৪১টি ওয়ার্ডে সুনির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া হোক। একেকজন মালিকে নির্দিষ্ট এলাকার আইল্যান্ডের দায়িত্ব দেওয়া হবে, যার মূল কাজই হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ওই অংশের গাছের যত্ন নেওয়া এবং পানি দেওয়া। এতে জবাবদিহিতা নিশ্চিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে রাতে নিখোঁজ স্কুল দপ্তরী,সকালে লাশ মিলল ধানক্ষেতে
পরবর্তী নিবন্ধমেসিই সর্বকালের সেরা