রাউজানে নিরু বড়ুয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীর হাটে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিরু বড়ুয়া পার্শ্ববর্তী আবুরখীল গ্রামের ভবতোষ বড়ুয়ার ছেলে। তিনি খুচরা সার বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিরু বড়ুয়ার দোকানের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ সময় এক ক্রেতা বাইরে থেকে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। বিস্তারিত পরে জানা যাবে।













