চতুর্দিকে আনন্দ-উচ্ছ্বাস আর আত্মীয়স্বজনের কোলাহল। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে নতুন বউ রায়সা ওসমানকে নিয়ে হাজির হয়েছিলেন দুবাই প্রবাসী খোরশেদ আলম। দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি। ভেবেছিলেন ছুটির বাকি দিন কটি স্ত্রীর সঙ্গেই হাসিখুশিতে কাটিয়ে দেবেন, কারণ আগামী ১৪ অক্টোবরই ফের তাকে প্রবাসে পাড়ি জমাতে হতো।
কিন্তু নিয়তির নির্মম লিখনে সেই বিয়ের আনন্দঘন বিকেলটি মুহূর্তের মধ্যেই বদলে গেল বিভীষিকাময় বিষাদে। শুক্রবার, ৯ অক্টোবর বিকেল ৪টা। রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ‘নন্দনপার্ক কমিউনিটি সেন্টার’ থেকে বোনের বিয়ে শেষে স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন খোরশেদ। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসতেই ঘটে বিপত্তি।
সড়কের এক মারাত্মক বাঁকে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। মুহূর্তেই বাইকটি গিয়ে সজোরে ধাক্কা খায় আইল্যান্ডের সঙ্গে। ধাক্কার তীব্রতায় সড়কে ছিটকে পড়েন স্বামী-স্ত্রী দুজনই। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। রক্তে ভেসে যায় সড়ক।
কিন্তু ততক্ষণে সব শেষ—ঘটনাস্থলেই প্রাণ হারান খোরশেদ। আর পাশে রক্তাপ্লুত অবস্থায় ছিটকে পড়ে কাতরাচ্ছিলেন ১৮ বছরের তরুণী রায়সা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যেখানে এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তিনি। নিহত খোরশেদ রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের লামার বাজার এলাকার খায়ের আহমেদের ছেলে।
মাত্র দুই মাস আগে হাটহাজারী উপজেলার মইন্যাপুকুর পাড়ের ওসমান গণির মেয়ে রায়সার সঙ্গে তার বিয়ে হয়। যে হাতে কিছুদিন আগে বিয়ের মেহেদির রঙ লেগেছিল, সেখানে আজ শুধুই স্বজনদের অশ্রু আর হাহাকার।
খবর পেয়ে রাউজান হাইওয়ে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাজান বলেন, “বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
যে পরিবারে আগামী ১৪ অক্টোবর প্রিয় সন্তানকে প্রবাসে বিদায় জানানোর আয়োজন চলছিল, সেখানে এখন বইছে স্বজনহারাদের কান্নার রোল। বিয়ের আনন্দ, প্রবাসে ফেরার স্বপ্ন আর ভালোবাসার নতুন সংসার—সবকিছু মুহূর্তের মধ্যে থেমে গেল সড়কের বিভীষিকাময় বাঁকে।










