রাউজানে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি

রাউজান প্রতিনিধি | বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

রাউজান সদর ইউনিয়নের হরিশখান পাড়া এলাকায় একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলো আজিজুল হক কোম্পানির বাড়ির বাসিন্দা ফরিদ আহম্মদের বলে জানা গেছে।

ওই বাড়ির বাসিন্দা আক্তার হোসেন বলেন, পরিবারের পুরুষ সদস্যরা অসুস্থ এক স্বজনকে নিয়ে চিকিৎসার জন্য শহরে ছিলেন। বাড়িতে শুধু নারী সদস্যরা ছিলেন। ঘরের পাশের গোয়ালঘরে বাছুরসহ চারটি গরু রাখা ছিল। গভীর রাতে চোরেরা তিনটি গরু নিয়ে গেলেও একটি বাছুর বাইরে ছুটে যাওয়ায় সেটি নিতে পারেনি। চোরেরা মিনিট্রাকে করে গরুগুলো নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। গোয়ালঘরের সামনে গাড়ির চাকার চিহ্ন পাওয়া গেছে। চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানান তিনি।

রাউজান থানার এসআই তানভীর হোসেন বলেন, গরু চুরির ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
পরবর্তী নিবন্ধমহানগর ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের আনন্দ মিছিল